গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিরোধী জোটের ১৮ নেতাসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল শুরুতেই। এ মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতারা প্রকাশ্য জনসভায় বক্তৃতা করলেও পুলিশ তাঁদের খুঁজে পায়নি। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক হয়রানিমূলক মামলার উদাহরণ ভূরি ভূরি। তবে রাজনৈতিক কর্মসূচি পালনসংক্রান্ত কোনো সহিংসতায় শীর্ষপর্যায়ের এত বিপুলসংখ্যক নেতাকে এর আগে কোনো মামলায় আসামি করা হয়নি। অভিযোগ গঠনের পরের ধাপ হলো সাক্ষ্য গ্রহণ। গোটা দেশবাসী এখন মামলার সওয়াল জবাবের দিকে তাকিয়ে থাকবে। অবশ্য দ্রুত বিচার আইনে যথাযথভাবে আদালত গঠন করা হয়নি—এই যুক্তিতে দায়ের করা একটি রিটের শুনানি আগামী রোববার ধার্য আছে। মঙ্গলবার আদালতে অভিযোগ গঠনকালে বিবাদীরা ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু’ করায় আপত্তি তুলেছেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিরা ত্রাস ও ভয়ভীতি প্রদর্শন করে গাড়িতে আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি এবং ক্ষতিসাধনসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্দেশনা, পরিকল্পনা, অর্থায়নে সহযোগিতা করেছেন।’ এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছিলেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে যে বাসে আগুন দিয়েছেন, তার সিডি আছে। এখন মানুষ দেখতে চাইবে যে, ওই সিডিতে আসলেই কী দৃশ্য ধারণা করা আছে। আদালতকে সহায়তা করা বাদী-বিবাদীর আইনজীবীদের প্রত্যেকের পবিত্র কর্তব্য। অভিযুক্তকে দণ্ড দেওয়ার মানসিকতা রাষ্ট্রপক্ষ থেকে যাতে প্রকাশ না পায়, সেটাই কাম্য। দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া সরকারি আইনজীবীরা অনেক সময়ই সীমারেখা মানেন না। যেকোনো অপরাধের হোতাকে চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে হলে আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া প্রয়োজন। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে জড়ালে মামলার বিশ্বাসযোগ্যতা যেমন ক্ষুণ্ন হয়, তেমনি প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যায়। এখন যাঁরা দ্রুত বিচার আইনে মামলা ঠুকেছেন, বিরোধী দলে থাকতে তাঁরাই এর বিরোধিতা করেছিলেন। যে আইন বিরোধী দলে থাকতে অন্যায্য ছিল, সেই আইন ক্ষমতায় থাকতে ন্যায্যতা পায় কী করে? প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক—সেটা দেশবাসীর দাবি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি কাম্য নয়।