গাড়িচোরদের আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া গাড়িচোরদের আস্তানা হয়ে উঠছে। গতকাল শনিবারের প্রথম আলোর সংবাদ জানিয়েছে, গত আট মাসে সেখান থেকে ৯২টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা নিশ্চয়ই এখানে নিয়ে আসা বা এই পথ দিয়ে অন্যত্র পাঠানো মোট গাড়ির সংখ্যার অতি সামান্য অংশ। গাড়ি চুরি যে এক বিরাট কারবার হয়ে উঠেছে, সংবাদটি তার প্রমাণ। গাড়ি চুরি আশঙ্কাজনকভাবেই বাড়ছে। গাড়ি চুরিকে অন্যান্য চুরি ও চোরাই কারবারের সঙ্গে গুলিয়ে ফেলা যায় না। গাড়িচোরদের যেমন প্রাযুক্তিক জ্ঞান প্রয়োজন হয়, তেমনি দরকার হয় চোরাই গাড়ি সরিয়ে ফেলা, বদলে ফেলা এবং বিক্রি করার বন্দোবস্ত। বগুড়া অঞ্চল গাড়ির খুচরা যন্ত্রপাতি তৈরির ছোট ছোট কারখানার জন্য বিখ্যাত ছিল। চোরাই গাড়ির কারবারিরা এই জেলা শহরটিকে বেছে নেওয়ার কারণ তাই অমূলক নয়। চোরাই গাড়িকে বদলে দেওয়া কিংবা সেগুলোর যন্ত্রপাতি খুলে বিক্রি করার সুযোগ হয়তো এখানে বেশি। কিন্তু বিপুলসংখ্যক চোরাই গাড়ি নিয়ে আসা, লুকিয়ে রাখা এবং অন্যত্র পাচারের জন্য বিরাট নেটওয়ার্কের দরকার হয়। মাত্র আট মাসে যেখানে ৯২টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে, সেখানে উদ্ধার না হওয়া গাড়ির সংখ্যা নিশ্চয়ই অনেক গুণ বেশি। এত বিপুলসংখ্যক চোরাই গাড়ির কারবারের জন্য যে বিরাট লোকবল ও অবকাঠামো প্রয়োজন, বগুড়া অঞ্চলে কি তার সমাবেশ ঘটেছে? এলাকাটিতে কি অপরাধ দমনের ব্যবস্থা শিথিল হয়ে পড়েছে? গাড়ি চুরির নেটওয়ার্ককে একই সঙ্গে ক্ষমতা এবং মাস্তানতন্ত্রের সহযোগিতা নিতে হয়। আবার এসব চোরাই গাড়ি ছিনতাই, চোরাচালানসহ গুরুতর সব অপরাধের কাজে ব্যবহূতও হয়। তাই গাড়িচোরদের কেন্দ্র হয়ে ওঠা বগুড়ার জন্য অশুভ আলামত হিসেবেই বিবেচিত হওয়া উচিত। হয়তো এর সঙ্গে গুরুতর অপরাধ সংঘটনকারী চক্রের যোগসাজশ রয়েছে। হয়তো গাড়ি চুরি ডুবে থাকা হিমবাহের চূড়া মাত্র। তলার জগতে হয়তো আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে। তাই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর উচিত এ ব্যাপারে বিশেষ সেল গঠন করে গভীর ও ব্যাপক তদন্তে নেমে পড়া।