প্রতিবছর ২২ সেপ্টেম্বর পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ল্ড কার-ফ্রি ডে বা বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোগ আয়োজন নেই। তবে এবারে সড়ক ও সেতুমন্ত্রী ব্যক্তিগত গাড়ির ওপর বিধিনিষেধ জারি করা হবে বলে দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন। তাঁর দাবি, ব্যক্তিগত গাড়ির যথেচ্ছ ব্যবহার পরিমিত হওয়া উচিত। কিন্তু তিনি যে গণপরিবহনের দায়িত্বে নিয়োজিত সেই গণপরিবহনের দুরবস্থা নিয়ে তাঁর বা সরকারের তেমন উদ্বেগ আছে বলে মনে হয় না।
গাড়িমুক্ত দিবসের সঙ্গে আসে হাঁটার বিষয়টি। স্বল্প দূরত্বে হাঁটার সুযোগ নগরে চলাচলে স্বস্তি যেমন বাড়ায়, তেমনি তা স্বাস্থ্যকরও। বিশ্বের বহু দেশেই এবং অধিকাংশ রাজধানীতে গাড়িমুক্ত হাঁটার সড়ক যেমন আছে, তেমনি থাকে ফুটপাত। আমাদের দেশে সড়ক অনুপাতে ফুটপাতের পরিমাণ খুবই কম। আবার যেটুকু আছে, সেটুকুও অবৈধ স্থাপনা ও ব্যবসার উদ্দেশ্যে ব্যবহারের কারণে বেদখল। ফুটপাত যেহেতু সড়কেরই অংশ সেহেতু মন্ত্রী মহোদয় ফুটপাতটি দখলমুক্ত করার উদ্যোগ নেবেন বলে আশা করি। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের দায়ও কম নয়। ঢাকা উত্তরের মেয়র অবশ্য ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু ফুটপাত পথচারীবান্ধব করার কথা মনে রাখতে হবে। অন্য মেয়ররাই বা কেন অনুরূপ উদ্যোগ নেবেন না?
ঢাকা মহানগরে পদচারী বয়স্ক মানুষ অত্যন্ত বিরল; কারণ বয়সী মানুষের পক্ষে এই শহরের কোনো ফুটপাত ব্যবহার করা সম্ভব নয়। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে তো কারোরই মাথাব্যথা নেই। নারীদের জন্যও ফুটপাতে চলাচল করা অত্যন্ত ঝামেলাপূর্ণ, বিব্রতকর, কখনো কখনো হয়রানিমূলক। তৈরি পোশাকশিল্পের নারী কর্মীদের ঢাকার ফুটপাতগুলো ব্যবহার করতে দেখা যায়; অনেকটা নিরুপায় হয়েই তাঁরা এসব বিড়ম্বনা সহ্য করেন। কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে।
গাড়িমুক্ত দিবস উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) হাঁটার অধিকারের দাবিতে রাজধানীতে মানববন্ধনের আয়োজন করে। প্রশ্ন হলো হাঁটার অধিকার কীভাবে প্রতিষ্ঠিত হবে, যেখানে সড়ক–ফুটপাত সবই দখল করে নিয়েছে ক্ষমতাধরেরা। তাই হাঁটার অধিকার প্রতিষ্ঠার জন্য ফুটপাত মুক্ত করুন। ফুটপাত ও হাঁটাপথের বাধাগুলো সরিয়ে ফেলুন।