আশুলিয়া মহাসড়কে ব্যাটারিচালিত এক রিকশাচালকের নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পেছনের যে বিবরণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ভয়াবহ। আইনের দৃষ্টিতে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চালানো অবৈধ বা রিকশা আটকের পেছনে যুক্তি থাকতে পারে। কিন্তু রিকশা আটক করে টাকা আদায়ের অভিযোগ, মারধর এবং পুলিশের উপস্থিতিতে নিজের গায়ে আগুন দেওয়ার ঘোষণা দিলে পুলিশ উল্টো আত্মহত্যার উসকানি দিয়েছে বলে যে অভিযোগ, তার ব্যাখ্যা কী?
শামীম শিকদারের আয়ের উৎস তাঁর নিজের ব্যাটারিচালিত রিকশাটি। পুলিশ তা আটক করেছে। সেটি ফেরত পাওয়ার জন্য অনুরোধ জানিয়েও কোনো ফল মেলেনি। এ অবস্থায় শামীম শিকদার পুলিশের মারধরের শিকার হন বলে অভিযোগ আছে। একপর্যায়ে
ফেরত না দিলে তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেন। এমন পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হচ্ছে, শামীমকে বাধা না দিয়ে বরং গায়ে আগুন লাগাতে বলা। ‘কেমন বাপের ব্যাটা, কর আত্মহত্যা’। কতটা অমানবিক হলে এ ধরনের আচরণ সম্ভব!
আমাদের প্রশ্ন, আইন অনুযায়ী যদি রিকশা আটক হয়ে থাকে, তবে শামীম শিকদারকে মারধর করা হলো কোন আইনে? আর তিনি যখন কেরোসিন নিয়ে এসে গায়ে আগুন দেওয়ার হুমকি দিলেন, তখন তাঁকে নিবৃত্ত না করে উসকানি দেওয়া হলো কেন? কাউকে আত্মহত্যা থেকে নিবৃত্ত করা তো পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। আর উসকানির অভিযোগ সত্য হয়ে থাকলে সেটা ফৌজদারি অপরাধ।
আসলে আইন এখানে প্রধান বিষয় নয়, আইনের ব্যাপারে পুলিশ যদি এতটাই কঠোর হতো, তবে মহাসড়কে অবৈধ যানবাহন, ব্যাটারিচালিত রিকশা, ভটভটি বা করিমন-নছিমন ধরনের কিছুই চলতে পারত না। পরিবারের অভিযোগ অনুযায়ী, শামীম শিকদার গায়ে আগুন দিয়েছেন পুলিশের হাতে মার খাওয়ার অপমানে ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষোভে। অভিযোগ আছে, গায়ে আগুন দেওয়ার আগে শামীম শিকদার বলেছেন যে আগেও তাঁর রিকশা আটকানো হয়েছিল এবং দুই হাজার টাকার বিনিময়ে তা ছাড়িয়ে নিতে হয়েছিল। আবারও সেই পরিস্থিতির মধ্যে পড়ে নিজেকে সামলাতে না পেরে গায়ে আগুন দেওয়ার মতো গুরুতর কাজটি করে বসেছেন শামীম শিকদার।
পুলিশের বিরুদ্ধে অভিযোগের ফলাফল নিয়ে সব সময়েই সন্দেহ ও অবিশ্বাস কাজ করে। তবে আমরা আশা করি, এই চরম অমানবিক আচরণের যে অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠেছে, তার যথাযথ তদন্ত হবে। পুলিশের শীর্ষ কর্তৃপক্ষ এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, আমরা তা দেখার অপেক্ষায় আছি।