গায়ে মরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার মাটিতে নতুন রাসায়নিক পদার্থের প্রবেশ ঘটেছে। তার নাম পেপার স্প্রে। বাঙালি রাইফেলের গুলি, টিয়ার গ্যাসের শেল ও ধোঁয়া, পানিকামান এবং লাঠির বাড়ি দেখেছে এবং ভোগ-উপভোগ করেছে; কিন্তু পেপার স্প্রের নাম তার চৌদ্দ পুরুষের কেউ শোনেনি। জগতে যত রকম স্প্রে আছে, তার মধ্যে পেপার স্প্রেই একমাত্র স্প্রে, যা নিয়ে মতামত দেওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু হরতাল, মিটিং-মিছিল ও মরিচের ঝাল নিয়ে মত প্রকাশের সাংবিধানিক অধিকার এখনো পুরোপুরি হরণ করা হয়নি। সংসদে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও দয়াপরবশ হয়ে সংবিধান থেকে ৩৬, ৩৭, ৩৮, ৩৯/১, ৩৯/২, ৩৯/২(ক) এবং ৩৯/২(খ) ধারাগুলো তুলে দেওয়া হয়নি। মসলা হিসেবে হলুদ, মরিচ, জিরা, ধনে প্রভৃতির উপযোগিতা কোনো ভোজনরসিক বঙ্গসন্তান অস্বীকার করতে পারে না। শুধু ভোজনরসিক নয়, বাঙালিদের মধ্যে আজ পর্যন্ত যাঁরা বিয়ে করেছেন, তাঁরা সবাই জানেন, হলুদ শুধু মসলা নয়—তার চেয়ে কিছু বেশি। বিয়েতে বাঙালির গায়েহলুদ অনেক দিনের প্রথা। বাঙালি বিয়ে করছে বহুদিন থেকে। আন্দোলন, সভা-সমাবেশও করছে অনেক দিন যাবৎ। বিবাহে গায়েহলুদের অভিজ্ঞতা তার ছিল, এবার আন্দোলনে নেমে অভিজ্ঞতা হলো গায়ে মরিচের। তার চোখমুখ ঝলসে যাচ্ছে গোলাপজলে নয়, ডাবের পানিতে নয়—মরিচের ঝালে। বাঙালি এতকাল মরিচের স্বাদ জিহ্বায় আস্বাদন করেছে—এখন সে মরিচের ঝাল উপভোগ করছে চোখে, মুখে ও শরীরের ত্বকে। নর্দমার মশার ঝাঁকের ওপর যেমন করপোরেশনের লোকেরা মশা মারার ওষুধ ছিটায়, সেইভাবে এখন রাজপথে মানুষের ঝাঁকে ছিটানো হচ্ছে মরিচের ঝাল। যদি ধরে নিই, এ তরল পদার্থ গোলাপজল বা ডাবের পানির মতো নির্মল ও নির্দোষ, তবু এই মরিচের হোলি খেলা মেনে নেওয়া যায় না। এ শুধু চোখেমুখে ঝালের জ্বালা ধরায় না, এ তরল পদার্থ অন্তরেও জ্বালা ধরায়। এই তরল পদার্থে লজ্জা ও অপমানের উপাদানও প্রচুর। মিছিলের পরে ঝাপসা চোখে বাড়ি ফিরে বাবা-মা, স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও পাড়াপড়শি মহিলাদের মুখ দেখানো যায় না। মিছিলে আসার সময় ছিল পরিষ্কার সাদা কাপড়, ঘরে ফেরার সময় বস্ত্র রঞ্জিত। কাজের মেয়েটি পর্যন্ত তা দেখে খিলখিল করে হাসে। নির্বোধও জানে যে সব রকম কেমিক্যালই মানবদেহের জন্য (পশুপাখির জন্যও) কোনো না কোনোভাবে ক্ষতিকর। তাৎক্ষণিক ক্ষতি না হতে পারে, ভবিষ্যতে ক্ষতিকর প্রতিক্রিয়া হবেই। ফুসফুসের রোগ হোক, হূৎপিণ্ডের হোক, কিডনির হোক, যৌন ও ত্বকের রোগ হোক—কোনো একটা রোগ বাঁধাবেই। তা ছাড়া তাৎক্ষণিক মৃত্যুর কারণও হতে পারে। এই রাসায়নিক পদার্থ নাকের ভেতর দিয়ে যদি মরমে পশে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পেটের দায়ে আন্দোলনরত শিক্ষকদের একজন মরিচের ঝাল খেয়েই মারা গেলেন। না খেয়ে মরার চেয়ে সংগ্রাম করে মরিচের বিষ খেয়ে মরলেন। হরতাল, সভা-সমাবেশ, মিছিল যখন বাংলার মাটি থেকে বাদ দেওয়া যাবে না, সুতরাং মরিচের ঝাল থেকে বাঁচার উপায়ও বের করতে হবে। প্লাস্টিকের বর্ষাতি বা পলিথিনের পোশাক এর প্রতিরোধক। মিছিলে যাওয়ার পোশাক হবে এখন থেকে জাঙ্গিয়া আর পলিথিনের এমন এক ধরনের খিলকা, যা দিয়ে বোরকার মতো আবৃত থাকবে আপাদমস্তক। চোখে থাকবে ডুবুরিদের মতো চশমা। সজোরে পিচকারি মারলেও ঝালপানি পলিথিনের ওপর দিয়েই যাবে। কেউ কেউ বলছেন, মিছিলে যাওয়ার আগে তাঁরা বাড়ি থেকে ঠোঙায় কিছু মুড়িও নিয়ে যাবেন। মরিচপানি ছিটানো ওই মুড়ি বিনা পয়সায় ঝালমুড়িতে পরিণত হবে। পুলিশের মুখপাত্রের মতে, এ জিনিস নাকি লাঠির মারের বিকল্প। পাছা ও পিঠে লাঠির মার খাওয়ার চেয়ে তাহলে মুখে ঝালমুড়ি খাওয়াই ভালো। রাজনীতিতে দুই দলের বিকল্প গড়ে উঠল না। অথচ আন্দোলন দমনে বিকল্প পদ্ধতি চালু হয়ে গেল। এ বিকল্পের প্রথম প্রয়োগ হলো শিক্ষকদের ওপর এবং বাম নেতা-কর্মীদের ওপর। বামরা বিকল্প গড়ার কথা বলেছিলেন। বিকল্প শাস্তির পরীক্ষামূলক প্রয়োগ হলো তাদের ওপর। তাদের অপরাধ মারাত্মক। তারা জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদ করছিল। সরকার তাদের চোখেমুখে জ্বালাপোড়া ধরিয়ে দিল। কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সমাজতান্ত্রিক দলের সভাপতি খালেকুজ্জামানের হাতে পিস্তল, কাটা রাইফেল, চাপাতি বা আড়াই ফুট লম্বা রামদা ছিল না। তাঁদের দলের অন্য নেতা-কর্মীর হাতেও ওসব জিনিস ছিল না। তাঁদের মিছিল থেকে ছোড়া আগ্নেয়াস্ত্রের গুলিতে কোনো কিশোর বা পথচারী বা পুলিশ হতাহত হয়নি। তা সত্ত্বেও কেন এই মরিচের ঝালের জুলুম? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টেন্ডার নিয়ে যুদ্ধরত দুই সেনাপতির চেয়ে আমাদের এই দুই নেতা যে লোক খারাপ—তা রাস্তাঘাটে কারও কাছে শুনিনি। রাজনীতিতে বিকল্প তৃতীয় শক্তির উত্থান হলো না বলে অনেকের বড় দুঃখ। রাজনৈতিক আন্দোলনকারীদের দমনে পানিকামান ও লাঠির পরিবর্তে তৃতীয় বিকল্প রাসায়নিক শক্তি প্রয়োগের আমরা বিরোধী। অবিলম্বে এই বিষ প্রয়োগ বন্ধ হোক। আপাতত লাঠি বহাল থাকুক। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।