গায়েবি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তথাকথিত ‘গায়েবি মামলা’ দায়ের করার যে হিড়িক পড়েছে, এই নির্বাচনী মৌসুমে তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর দুর্বলতা আবারও স্পষ্ট করে তুলেছে। দুর্বলতাটা হলো এই যে ক্ষমতাসীনেরা যখন গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় নিজেদের অবস্থানের দৃঢ়তা বজায় রাখতে সক্ষম হচ্ছেন না বলে উপলব্ধি করেন এবং সেই কারণে ক্ষমতা হারানোর ঝুঁকি অনুভব করেন, তখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোকে দমন বা কোণঠাসা করার চেষ্টা করা হয় আইনের অপব্যবহারের দ্বারা। এই প্রবণতা গণতান্ত্রিক বিকাশের পথে বিরাট অন্তরায়।

বিএনপি অভিযোগ করেছে, সারা দেশে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৭৩৬টি ফৌজদারি মামলা করা হয়েছে; আসামি করা হয়েছে ৩ লাখ ১৩ হাজার ১৩০ ব্যক্তিকে। গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজার ৬০০ জনকে। এসব গায়েবি মামলায় বিপুলসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে; তবে যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে মৃত ব্যক্তিও আছেন। কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে আদালত মন্তব্য করেছেন: এ ধরনের মামলায় পুলিশের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। আদালতের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। তবে এটাও ভেবে দেখার বিষয় যে তথাকথিত গায়েবি মামলা করার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক নির্দেশনা রয়েছে কি না। এটা যদি খোদ সরকারেরই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আদালতের মন্তব্যটি সরকারকেই স্পর্শ করবে।

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পুলিশ নির্দিষ্ট অভিযোগ ছাড়া কিছু করে না।’ জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ তিন আইনজীবী গায়েবি মামলাগুলো সঠিক হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন, যার এক অংশে মামলাগুলো মনিটর করার জন্য পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমাদের প্রত্যাশা, পুলিশ এসব মামলার গুণাগুণ খতিয়ে দেখে তার ফলাফল জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করবে। প্রশ্ন হলো সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢালাও ‘গায়েবি মামলা’ করার সিদ্ধান্তটি কোথা থেকে এসেছে। পুলিশ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য: পুলিশ বিভাগ প্রজাতন্ত্রের আইনশৃঙ্খলা ও আইন প্রয়োগ করার দায়িত্বে নিয়োজিত রয়েছে; রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কাজে তাদের ব্যবহার করার কোনো সুযোগ নেই। নির্বাচনের এই সময়ে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ বা আইনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না, এমন অঙ্গীকার দৃঢ়ভাবে রক্ষা করা ক্ষমতাসীনদের একান্ত কর্তব্য।

ভেবে দেখা প্রয়োজন, শুধু হয়রানি করার উদ্দেশ্যে যখন হাজার হাজার নেতা-কর্মীকে মামলার আসামি করা হয়, গ্রেপ্তার করা হয়, তখন শুধু রাজনৈতিক পরিবেশ নয়, সামাজিক পরিবেশও বিরূপ হয়ে উঠতে পারে। বিএনপির যে হাজার হাজার নেতা-কর্মী কারারুদ্ধ আছেন, গ্রেপ্তার এড়াতে ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন, তাঁদেরও পরিবার, পিতা–মাতা ও সন্তানসন্ততি আছে, আছে আত্মীয়স্বজন। তাহলে এসব গ্রেপ্তার, কারাভোগ ও পালিয়ে বেড়ানোরও যে কিছু নেতিবাচক সামাজিক অভিঘাত আছে, তা কি উপেক্ষণীয়? যাঁরা রাজনীতি করেন, তাঁরা সামাজিক সংহতির বিষয়েও সংবেদনশীল হবেন, এটা স্বাভাবিক প্রত্যাশা। ক্ষমতাসীনদের হাতে আইন রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হয়ে সামাজিক সংহতির যে ক্ষতি সাধন করছে, তা আমাদের রাজনৈতিক পরিবেশকে আরও অসহিষ্ণু ও বৈরিতাপূর্ণ করে তুলতে পারে, যা কোনোভাবেই বাঞ্ছিত নয়।

নির্বাচন সামনে রেখে আমরা আগামী দিনগুলোতে সরকারসহ সব পক্ষের কাছে প্রকৃত গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ আশা করি। নির্বাচনী ক্ষেত্রে সব পক্ষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত হোক।