বাজারে গুঁড়া দুধের দাম এখন আকাশছোঁয়া। আন্তর্জাতিক বাজারে দাম প্রায় অর্ধেকে নেমে এলেও দেশীয় বাজারে কমছে না, বরং ক্ষেত্রবিশেষে বাড়ছে। বহুজাতিক কোম্পানিগুলো বলছে, আমদানি করতে তিন থেকে চার মাস সময় লাগে বলে বিশ্ববাজারে দাম কমলেও সঙ্গে সঙ্গে দেশীয় বাজারে কমানো যায় না। কমে নতুন চালান আসার পর। কিন্তু যখন বিশ্ববাজারে দাম বাড়ে, তখন তো এ যুক্তি শোনা যায় না, দেশের বাজারে সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা স্পষ্ট যে গুঁড়া দুধের একশ্রেণির ব্যবসায়ী মুক্তবাজার অর্থনীতির মূল নীতি অনুসরণ না করে অতি মুনাফা করছেন। দেশের বাজারে সুস্থ প্রতিযোগিতা এবং সরকারের কঠোর নজরদারি থাকলে ক্রেতাদের পকেট কাটা এত সহজ হতো না।
আমাদের দেশে শিশুদের জন্য গুঁড়া দুধের ব্যাপক প্রচলন রয়েছে। কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া শিশুদের গুঁড়া দুধ খাওয়ানোর তেমন দরকার নেই। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ খাওয়ানো, প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এবং এরপর দুই বছর পর্যন্ত বাসায় হাঁড়িতে রান্না করা সম্পূরক খাবার খাওয়ানো হলে শিশুর চাহিদা ও পুষ্টি দুই–ই পূরণ হয়। এটা শিশুবিশেষজ্ঞ ও পুষ্টিবিজ্ঞানীদের কথা। কিন্তু অনেক মা ভাবেন, মায়ের দুধ বেশি ভালো, আর কৌটার দুধ একটু কম ভালো। তাই শিশুদের জন্য বাজারে গুঁড়া দুধের এত চাহিদা। ২০১৩ সালের সেপ্টেম্বরে মায়ের দুধ, বিকল্প শিশুখাদ্য, গুঁড়া দুধ প্রভৃতি বিষয়ে একটি আইন পাস হয়েছে। এ আইনের কার্যকর প্রয়োগ দরকার। তাহলে ক্রেতাদের জিম্মি করে বেশি দামে গুঁড়া দুধ বিক্রির সুযোগও কমে আসবে।
অন্যদিকে, দেশে তরল দুধের উৎপাদন বৃদ্ধি ও সুষ্ঠু বাজারজাের ব্যবস্থা দরকার। মিল্কভিটা, আড়ংসহ অন্যান্য প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা এবং দুধের খামারে আরও বেশি বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ সরকারি প্রণোদনার কথা ভাবা যেতে পারে। তবে গুঁড়া দুধের অগ্নিমূল্য রোধে চাই সরকারের কঠোর নজরদারি।