অত্যন্ত প্রয়োজনীয় ও যুগোপযোগী একটি উদ্যোগ নিয়েছে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান গুগল ডেভেলপারস গ্রুপের বাংলা শাখা (জিডিজি বাংলা)। ৪৫তম স্বাধীনতা দিবসে তারা গুগল সার্চ ইঞ্জিনের অনুবাদযন্ত্রে চার লাখ বাংলা শব্দ ও বাক্যাংশ যোগ করার এক সফল অভিযান চালিয়েছে। একটি দিনেই গুগল ট্রান্সলেটরে সাত লাখের বেশি বাংলা শব্দ ও বাক্যাংশ যোগ করে তারা এক নতুন বিশ্বরেকর্ড গড়েছে, যার সুফল ভোগ করবে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ।
সমৃদ্ধ হলো গুগলের বাংলা অনুবাদগুগল ট্রান্সলেটরস একটি যান্ত্রিক ব্যবস্থা, যা পরিসংখ্যানভিত্তিক পদ্ধতিতে যেকোনো ভাষার সঙ্গে পরিচিত হয় এবং সে ভাষা ব্যবহার করে। এই ব্যবস্থায় একটি ভাষার যত বেশিসংখ্যক শব্দ ও বাক্যাংশ যুক্ত হয় (ইনপুট), অনুবাদব্যবস্থাটি ততই দক্ষ ও নির্ভুলভাবে কাজ করে। গুগল ট্রান্সলেটরসের ইংরেজি ও অন্যান্য ভাষা থেকে বাংলায় ও বিপরীতভাবে বাংলা থেকে অন্য ভাষাগুলোতে অনুবাদ এখন পর্যন্ত বেশ দুর্বল ও ত্রুটিপূর্ণ। এর প্রধান কারণ বাংলা শব্দ ও বাক্যাংশের ইনপুটের স্বল্পতা। জিডিজি বাংলার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে। গত বৃহস্পতিবার সারা দেশের ৮১টি স্থান থেকে চার হাজারের বেশি স্বেচ্ছাসেবকসহ দেশ-বিদেশে অবস্থানরত অনেক ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নিয়ে চার লাখের বেশি বাংলা শব্দ ও বাক্যাংশ যুক্ত করেছেন। আনন্দের বিষয় যে এই উদ্যোগের প্রতি ব্যাপক আগ্রহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। গুগলের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে ভার্চুয়াল প্রণোদনা এবং আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চসংখ্যক শব্দ-বাক্যাংশ যোগকারী ব্যক্তির জন্য সিঙ্গাপুরে গুগলের কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে।
তবে এই আয়োজনের সবচেয়ে বড় প্রণোদনা হলো, আমরা একটি দক্ষ ও নির্ভুল অনুবাদযন্ত্র পাব, যদি তা গড়ে তোলায় আমরা এতে অংশ নিই। এটা হবে বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন।