গুচ্ছগ্রামে মানুষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

দুর্নীতি আর অনিয়ম তৃণমূল পর্যন্ত কী রকম শিকড় গেড়ে বসেছে, তার বড় উদাহরণ হচ্ছে হতদরিদ্রদের আশ্রয়ণ প্রকল্প। যার মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া হয়েছিল। সেই প্রকল্প নিয়ে অনিয়মের ধারাবাহিকতায় এবার বেরিয়ে এল আগের প্রকল্পের বেহাল অবস্থাও। ২০১৬-১৭ অর্থবছরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকায় করা হয়েছিল একটি গুচ্ছগ্রাম। ৯০টি ঘর করে দেওয়া হলেও সেখানে থাকেন মাত্র দুজন বাসিন্দা। মাত্র কয়েক বছরে সরকারি একটি প্রকল্পের এমন ভুতুড়ে অবস্থা হলো।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, নদীভাঙনে গৃহহীন পরিবারের বসবাসের জন্য এ গুচ্ছগ্রাম গড়া হয়েছিল। ২০১৯ সালের মার্চে স্থানীয় সাংসদ নূর-ই আলম চৌধুরী ৯০টি পরিবারের কাছে ঘরের চাবিও হস্তান্তর করেছিলেন। অথচ ঘরগুলো এখন জরাজীর্ণ আর ঝোপঝাড়ে ছেয়ে গেছে। সেগুলো এখন সাপের আবাসস্থল। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরটিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় সেটি ছেড়ে চলে গেছে সব পরিবার। কোনো হাটবাজার, দোকানপাট, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান কিছুই নেই। নেই বিদ্যুৎ–সংযোগও। নদীভাঙন থেকে ঘরগুলো রক্ষার ব্যবস্থাও নেই। যার কারণে কিছু ঘর ক্ষতিগ্রস্তও হয়েছে।

বোঝাই যাচ্ছে, কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিকল্পনাহীন ও দায়িত্বহীনভাবে এ প্রকল্প করা হয়েছে। যেখানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক কমিশন বাণিজ্যও ছিল বলে শোনা যাচ্ছে। অথচ প্রকল্পটি নিয়ে মুখই খুলতে চান না সে সময়ে দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক। প্রথম আলোর প্রতিবেদক আরও জানালেন, হতদরিদ্রদের বদলে মূলত সামর্থ্যবানদের ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে তো তারা থাকার কথা নয়। যে ইউএনও ইমরান আহমেদ এ প্রকল্প বাস্তবায়নের সভাপতি ছিলেন, তিনিও অন্যত্র বদলি হয়ে গেছেন। তদারকিতে ছিলেন ইউপি চেয়ারম্যান। গুচ্ছগ্রামের বাসিন্দাদের জন্য সরকারিভাবে নানা সাহায্য এলেও তার কিছুই পাননি ওই দম্পতি। যে গ্রামে মানুষই নেই, তাদের জন্য বরাদ্দ কে খায়?

জেলা প্রশাসক জানিয়েছেন, কাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, কেন মানুষ সেখানে থাকছে না, বিষয়টি খতিয়ে দেখা হবে। সেখানে থাকার সুযোগ-সুবিধার প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা তাঁর কথার প্রতি আস্থা রাখতে চাই। আশা করি, প্রকৃত হতদরিদ্ররাই ঘরগুলো বরাদ্দ পাবে এবার। কিন্তু এ অনিয়মের পেছনে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কেন জবাবদিহির মধ্য আনা হবে না। তঁাদের শাস্তির আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি।