গুম ও খুন তবে ঘটাচ্ছে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁদের পরিবারের সদস্যরা ‘গুম’ বা ‘নিখোঁজ’ অবস্থায় রয়েছেন, তাঁরা কী অবস্থায় সময় পার করেন? বলা যায়, এর একটি যথার্থ ব্যাখ্যা মিলেছে এমনই এক পরিবারের সদস্যের কাছ থেকে; ‘আমরা খারাপ শঙ্কাটাও করতে পারি না, আবার ভালো কিছু আশাও করা যায় না। একেকটা পরিবারের জীবন যে কী দুঃসহ!’ ২০১৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে নিখোঁজ হয়েছেন এমন ২০ জনের পরিবারের সদস্যরা কীভাবে সময় পার করছেন, তা তাঁরা গত রোববার এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সরকার কি এই পরিবারগুলোর প্রতি আদৌ কোনো দায় অনুভব করে?
সরকারের দায়ের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাদের স্বজনেরা নিখোঁজ রয়েছেন। আরও অনেক পরিবারের তরফেও একই অভিযোগ রয়েছে। এসবের কোনোটির সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা নেই, তা বলা যাচ্ছে না। কারণ, এ বছরেই ‘গুম’ হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সব ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। এসব ঘটনা তবে ঘটাচ্ছে কারা?
এই চক্রকে চিহ্নিত ও বিচারের মুখোমুখি করা বা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দায়িত্ব তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘গুম’ বলে কিছু নেই, অনেকেই আত্মগোপনে আছেন। আমাদের বক্তব্য হচ্ছে, কেউ আত্মগোপনে থাকলে তাঁকে খুঁজে বের করার দায়ও সরকারের রয়েছে।
আইন ও শালিস কেন্দ্রের হিসাব অনুযায়ী, এ বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে যতজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে, তাঁদের মধ্যে ৮ জনের লাশ পাওয়া গেছে আর ৪৬ জনের কোনো খোঁজ নেই। ২০১৫ সালে ৩৫ জন ও ২০১৪ সালে ৫২ জনের গুম হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব পরিসংখ্যান বিবেচনায় নিলে এটা মানতেই হচ্ছে যে দেশে গুম ও খুনের ঘটনা ঘটছে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব গুম-খুনের বিহিত করতে হয় ব্যর্থ হচ্ছে, নয়তো তারা এই রহস্য উদ্ঘাটনে অনাগ্রহী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যদি এই ব্যর্থতার দায় নিতে না চায়, তবে এসব গুম–খুন রহস্যের সমাধান ও তা পুরোপুরি বন্ধ করায় নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ রাখতে হবে।