গুম ও গুপ্তহত্যার রহস্যভেদে গণতদন্ত কমিশন হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হ্রাস পেয়ে নিখোঁজ হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় দেশের জননিরাপত্তা বিপজ্জনক থেকে ভয়ংকর অবস্থার দিকে মোড় নিয়েছে। কোনো ব্যক্তি নিখোঁজ হওয়া হত্যাকাণ্ডের চেয়েও মারাত্মক অপরাধ। কারণ, নিখোঁজ ব্যক্তি বেঁচে আছেন, না মরে গেছেন—সে বিষয়ে গোটা পরিবার ভয়ানক মানসিক পীড়নে থাকে। গুপ্তহত্যা শব্দটির ব্যবহার সে কারণে যথার্থ নয়। কারণ তাঁকে যে হত্যা করা হয়েছে, সে খবরটাও বহু ক্ষেত্রে নিশ্চিত কারও জানা থাকে না। সে কারণেই আন্তর্জাতিক আইনে ‘ফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বা গুম কথাটির উদ্ভব ঘটেছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। তবে প্রমাণিত হতে হবে যে এটা সংগঠিত, পদ্ধতিগত এবং এর সঙ্গে রাষ্ট্র জড়িত। গুপ্তহত্যা বা গুম হঠাৎ বেড়ে যাওয়ার পর থেকে রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তারা ক্রমাগতভাবে বেসামাল বক্তব্য দিয়ে চলেছেন। একটির সঙ্গে অন্যটির সামঞ্জস্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তিনি সংবাদপত্র পড়ে গুপ্তহত্যার তথ্য জেনেছেন। তবে আইন প্রয়োগকারী সংস্থার জড়িত থাকার কোনো কারণই থাকতে পারে না বলে উল্লেখ করে তিনি একটা কাজের কথাও বলেছেন। তাঁর কথায়, যদি আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে তা তদন্ত করা হবে এবং সে তদন্ত চলছে বলে তিনি দাবি করেন। পুলিশের মহাপরিদর্শক গুম করা অপরাধীদের পরিবর্তিত কৌশল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি অকপটে একটি সরল সত্যও উচ্চারণ করেছেন যে কারা এর সঙ্গে জড়িত, সেটা খতিয়ে দেখা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির যুক্তিনির্ভর বক্তব্য অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যখন দেশের প্রধানমন্ত্রী ভিন্নতর বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র চালাচ্ছে, এটা তারই অংশ।’ প্রশ্ন হলো, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত এবং তাদের বিচার করবে কে। এরপর রাষ্ট্র কীভাবে সুষ্ঠু তদন্ত করবে। অন্যদিকে বেগম খালেদা জিয়াও তদন্তের দন্ত উৎপাটন করছেন এই বলে যে, ‘সরকারই এর সঙ্গে জড়িত। এ জন্য তাঁদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’ কিন্তু বিএনপি বিরোধী দলে থেকেও একটা গ্রহণযোগ্য তদন্ত কমিটি করে এর রহস্য ভেদ করতে পারে। কিন্তু সেটা তারা করবে না। অস্বচ্ছ প্রক্রিয়ায় তারা র‌্যাব গঠন করেছে। বুকের সিনা টান করে তারাই দায়মুক্তি আইন পাস করেছিল। এ জন্য কখনো তারা অনুশোচনা করেনি।বাংলাদেশে গুম ও গুপ্তহত্যা একেবারে নতুন নয়। স্বাধীনতার পরপরই এ ধরনের ঘটনা ঘটেছে, জিয়ার সামরিক শাসনামলে ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সর্বহারার মতো অনেক গোপন সংগঠন গুম ও গুপ্তহত্যায় জড়িত ছিল। স্বাধীন দেশে হারিয়ে যাওয়া অনেক সন্তানের জন্য মায়েরা অপেক্ষায় থাকেন।১০ ডিসেম্বর মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বিশেষ অতিথি ছিলেন। এ সভায় বক্তারা জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৯২ সালের সিদ্ধান্তের আলোকে গুমবিরোধী এক আন্তর্জাতিক কনভেনশনে (গত ডিসেম্বর থেকে কার্যকর) সই করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। জানামতে, দক্ষিণ এশিয়ায় শুধু ভারতই এ কনভেনশনে সই করেছে। কিন্তু এখনো তারা অনুসমর্থন বা রেটিফাই করেনি। তবে এ কনভেনশন ছাড়াও যে আইনে বাংলাদেশে (রোম সংবিধি) যুদ্ধাপরাধের বিচার চলছে এবং যেটা বাংলাদেশ অনুমোদন করেছে, সেখানে গুম আন্তর্জাতিক অপরাধ এবং সে কারণে তা আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও বিচারযোগ্য। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রধানত সংবাদপত্রের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি ২০১১ থেকে ১৫ ডিসেম্বর ২০১১ পর্যন্ত ৪২ ব্যক্তির অপহরণের একটি তালিকা তৈরি করেছে। এর মধ্যে লাশ মিলেছে ১৪ জনের। নিখোঁজ কিংবা নিহত ব্যক্তিদের অধিকাংশ পরিবারের দাবি, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অপহূত হয়েছিল। এর মধ্যে র‌্যাবই বহুল আলোচিত। সবচেয়ে আতঙ্কজনক হচ্ছে তৌফিক আহমেদ ওরফে হাসানের নিখোঁজ হওয়ার বিষয়টি। জেলখানায় চার জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিষয়টিকে আমরা অনেক সময় ১৫ আগস্টের বর্বরতার চেয়েও জঘন্য হিসেবে বর্ণনা করি। কারণ, মানবসভ্যতার ইতিহাসে কারাবন্দীকে হত্যা করার ঘটনা বিরল। কিন্তু তার পরও চার নেতার জেল হত্যাকাণ্ডের একটা সান্ত্বনা আছে। শহীদ নেতাদের পরিবার তাঁদের মরদেহের সন্ধান পেয়েছে। কিন্তু হাসানের পরিবারের সেই সান্ত্বনাও নেই। কারণ, হাসান হাইকোর্ট থেকে জামিন লাভের পর কারাগার থেকে বেরোতে না বেরোতেই একদল লোক তাঁকে কারাফটক থেকে ছোঁ মেরে তুলে নিয়ে যায়। ঢাকায় মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় র‌্যাব-১০-এর ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ ইমন ও জ্যেষ্ঠ জেল সুপার তৌহিদুর ইসলামসহ কয়েকজন আসামি হয়েছেন। আসক সূত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় কারাগার থেকে কথিত মতে নিখোঁজ হওয়ার ঘটনা এটিই একমাত্র নয়। তবে এ বিষয়ে এটিই একমাত্র মামলা। এ বছরের ১৩ মে রাত ১০টায় কারাফটক থেকে হাসান নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিশ্বে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। বিশেষ করে, হিটলারের নাৎসি জার্মানিতে এ রকম নিখোঁজ হওয়ার ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। নাইট অ্যান্ড ফগ নামে একটা কথা প্রচলিত ছিল। নাৎসি সেনাদের কাছে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ জানতে চাইলে তাঁরা বলতেন, রাতে একবার দেখেছিলাম। হয়তো ঘন কুয়াশায় হারিয়ে গেছে। কিছু ঘটনার বিবরণ শুনে মনে হচ্ছে, এ রকম কোনো উক্তি করারও কেউ নেই। আসকের কর্মী ঝরনা খানমের স্বামী কে এম শামীম আখতার উধাও হয়ে গেছেন। এখন তিনি সহকর্মীদের কাছে প্রশ্ন রাখছেন, ‘আমরা ক্রসফায়ারের গল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। কিন্তু এখন সেই গল্পও হারিয়ে গেছে। গল্প বলারও কেউ নেই।’জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি গুপ্তহত্যার তদন্ত করবেন। গত মাসে তাঁর কাছ থেকেই প্রথম নিখোঁজ হওয়ার বিষয়টি শুনে শিউরে উঠেছিলাম। তিনি বলেছিলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমে গিয়ে দেশে গুপ্তহত্যার প্রকোপ বেড়েছে। সাম্প্রতিককালে রাষ্ট্রের সৃষ্টি করা কোনো সংস্থার প্রধান হিসেবে মানবাধিকার বিষয়ে তার বক্তৃতা-বিবৃতি সমাজে একটা বিরাট ইতিবাচক প্রণোদনা তৈরি করেছে। আমরা বুঝতে পারি, আমাদের সাংবিধানিক সংস্থাগুলোর যেখানে জবুথবু অবস্থা, সেখানে বিচ্ছিন্নভাবে একটি মানবাধিকার কমিশন স্বাধীনভাবে সব প্রতিকূলতা ও চোখ রাঙানির বিরুদ্ধে আদর্শ স্থাপন করতে পারে না। যথেষ্ট চাপের মধ্যে আছেন বলেই কমিশন কোনো কাজ করতে পারে না। এখন কি তিনি কথা বলাও বন্ধ করে দেবেন? এ ক্ষেত্রে চটজলদি কোনো উত্তর নেই। তবে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি আমাকে বলেন যে জাতীয় মানবাধিকার কমিশন এখন পর্যন্ত তার কাজকর্মের বিষয়ে কোনো প্রতিবেদন তৈরি করেনি। লোকবল না থাকার কারণে কমিশন কাজ করতে পারেনি, সে যুক্তি কেউ হয়তো মানতে চাইবেন না। একজন রসিকতা করে বললেন, আমরা তো এ দেশে এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন দেখেছি। সে ক্ষেত্রে যদি চেয়ারম্যানকেই এক সদস্য ভাবা যায়। তিনি একজন ব্যক্তি এবং তার আইনী বল আছে। তুষার ইসলাম টিটো ২০০৮ সালের ২২ জুলাই বেলকুচির ধুকুরিয়া বেড়া বাজার থেকে নিখোঁজ হন। এ ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) নাজিমুদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছিল। এটা বিরল ঘটনা। কমিটির অপর দুজন সদস্য ছিলেন ঢাকার উপপুলিশ কমিশনার মোহাম্মদ আকরাম হোসেন ও আসকের সিনিয়র ইনভেস্টিগেটর আবু আহমেদ ফয়জুল কবির। ২০১০ সালের ৩ জুনে দায়ের করা ১১ পৃষ্ঠার প্রতিবেদনের উপসংহার পড়ে মনে হতে পারে, সাত খণ্ড রামায়ণ পড়ে প্রশ্ন এসেছে সীতা কার বাপ? কারণ, প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছিল, এই একটি মাত্র তদন্ত প্রতিবেদন, যেখানে র‌্যাব হয়তো নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে পড়ছে। পুরো বিবরণ সেটাই নির্দেশ করে, এমনকি ‘ভবিষ্যতে এরূপ ঘটনার পনুরাবৃত্তি রোধে’ যে তিনটি সুপারিশ করা হয় তাতে র‌্যাব নামটি রয়েছে। এমনকি ‘ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ’ শীর্ষক অংশে এ কথাও নির্দিষ্টভাবে এসেছে, ‘বেলকুচি থানার জিডি নম্বর ৬৫৬ ও ৬৮০ পর্যালোচনা করে দেখা যায় যে র‌্যাব সদস্য কর্তৃক একজন ধৃত ব্যক্তিকে ঢাকায় নিয়ে আসার জন্য জিডিতে উল্লিখিত মোটরসাইকেল দুটি ব্যবহার করা হয় এবং পরে থানায় জমা দেওয়া হয়। এ ক্ষেত্রে তদন্ত কমিটির সামনে র‌্যাব সদস্যদের প্রদত্ত বক্তব্য সঠিক নয় বলে প্রতীয়মান হয়। কাজেই এ বিষয়ে স্থানীয় ব্যক্তিদের বক্তব্য জিডির বর্ণনা এবং র‌্যাবের বক্তব্য পরস্পরবিরোধী হওয়ায় টিটুকে কে বা কারা আটক করেছিল, সেটা নিশ্চিত হওয়া কঠিন।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, ‘এক বা একাধিক ঘটনা বেছে নিয়ে আমরা তদন্ত করতে চাই। আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই যে কারা ও কীভাবে এ কাজ চালাচ্ছে।’ আমাদের নির্দিষ্ট সুপারিশ হচ্ছে, কারাফটকে গুম হওয়া হাসানের মামলা ও তুষার ইসলাম টিটুর নিখোঁজ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত হোক। টিটুর ক্ষেত্রে শুধু একটা প্রশ্নই জানতে চাই। তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে, র‌্যাব সদস্য টিটুকে পাকড়াও করেছেন। তাঁকে ঢাকায় আনার কাজে ব্যবহার করা দুটি মোটরসাইকেলেরও তারা সন্ধান পেয়েছে। এমনকি সেই দুটি মোটরসাইকেলই যে পরে থানায় জমা দেওয়া হয়েছিল, সে বিষয়েও তারা নিশ্চিত হয়েছে। এর পরও ‘কে বা কাহারা আটক করেছিল’ সেটা নিশ্চিত হওয়া কী মাজেজায় কঠিন হয়ে পড়ল? মানবাধিকার কমিশন এই ঘটনাটি লুফে নিতে পারে এ কারণেও যে, নিখোঁজ টিটুর কোনো রাজনৈতিক পরিচয় নেই। তদন্ত কমিটি জানাচ্ছে, গুম হওয়া টিটুর ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক বা পারিবারিক কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্বের কথা কমিটি জানতে পারেনি। এমনকি পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছিল কি না, তা স্পষ্ট নয়।গুম ও গুপ্তহত্যা নিয়ে সব দলের দায়িত্বহীন উক্তি বন্ধ করা উচিত। যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে ধরনের বিতর্ক ও অস্বচ্ছতা দেখা দিয়েছে, তা আরও প্রবল হতে পারে, যদি রাষ্ট্র এটা বন্ধ করতে ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ থাকে। প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রবিষয়ক আশঙ্কা আমরা নাকচ করে দেব না। কিন্তু এ বিষয়ে আইনবহির্ভূত আগাম বক্তব্য দেওয়ার দায়িত্ব তাঁর নয়। আইজিপির কথাই সারকথা। রাষ্ট্রকেই সদুত্তর দিতে হবে। সরকারকে ওই গুম কনভেনশনে সই করতে হবে। কিছু নাগরিকের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চলমান থাকাকালে রাষ্ট্র অন্য কিছু নাগরিকের মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন উপেক্ষা করতে পারে না। গুম ও গুপ্তহত্যার রহস্য উদ্ঘাটনে জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি মানবাধিকার সংগঠনগুলো সমন্বয়ে একটি কমিশন গঠন করতে পারে। প্রথাগত কমিশন কাজ দেবে না। সবচেয়ে ভালো হয়, নাগরিক সমাজ যদি একটি গণতদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেয়। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]