গুমের বাস্তবতা অস্বীকার করার পথেই থাকল বাংলাদেশ। মানবাধিকার সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের হিসাবে বাংলাদেশে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৫৩ জন গুম হয়েছেন। প্রধান বিরোধী দলের দাবি, সংখ্যাটি এক হাজারের বেশি। অথচ রাষ্ট্র পুরোপুরি নাকচ করে চলেছে। এই রাষ্ট্র বলছে, এ ভূখণ্ডে খুনখারাবি, অপহরণ ইত্যাদি হয়। কিন্তু কেউ গুম হয় না। গুম শব্দটি অত্যন্ত সংবেদনশীল।
বিশ্বব্যাপী যাঁরা গুমের শিকার হয়ে চলেছেন, তাঁদের স্মরণে আন্তর্জাতিক দিবস ছিল গত রোববার। গুম বেসরকারি নাগরিকেরা করেন না। রাষ্ট্রের কোনো না কোনো বাহিনী জড়িত থাকে। অনেক সময় তাদের মদদে-সহায়তায় ছোট ছোট দলের নাগরিকদের ধরে নিয়ে যাওয়া এবং গোপন স্থানে আটকে রাখার ঘটনাই গুম। কাউকে কোনো খবর না দেওয়া বা আটকের ঘটনা অস্বীকার করাই গুম। কখনো অল্প দিন বা অনেক দিন পর ধরে নিয়ে যাওয়া ব্যক্তির লাশের সন্ধান পাওয়া যায়। আবার কেউ কেউ চিরতরে হারিয়ে যায়।
জাতিসংঘসহ বিশ্বসভ্যতা একমত যে যারা গুম করে, তারা প্রধানত ক্ষমতায় টিকে থাকার জন্য কাজটি করে। দশকের পর দশক ধরে বিশ্বের বহু রাষ্ট্র তার শাসনের কৌশলের মধ্যে গুমকে প্রশ্রয় দিয়ে চলোছে। এই রাষ্ট্রগুলোকে নিবৃত্ত করতেই ২০০১ সালে গুমবিরোধী সনদ চূড়ান্ত হয়। এর নাম ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স। বাংলাদেশের শাসনক্ষমতায় এখন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী দল এবং তাদের শাসনামলেই এটি অনুসমর্থন ও সইয়ের জন্য উন্মুক্ত করা হয়। ২০১৪ সালের আগেই, অর্থাৎ চলতি সরকারের প্রথম মেয়াদেই ৯০টির বেশি দেশ তাতে সই করল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মধ্যে থাকল না বাংলাদেশ। ছয় বছর পরও অবস্থাটি অপরিবর্তিত। এবারের গুম দিবসেও সরকারের পক্ষ থেকে এ সনদে বাংলাদেশের স্বাক্ষরের ব্যাপারে পীড়াদায়কভাবে নীরবতার ধারাবাহিকতাই বজায় রাখা হলো।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা লক্ষ করি, এই রাষ্ট্র বিভিন্নভাবে তার রেখে যাওয়া নীতি–আদর্শ পুনরুজ্জীবন ও বাস্তবায়নের অঙ্গীকার করে চলেছে। নীতিনির্ধারকদের প্রতি বলব, এখনই সবচেয়ে ভালো সময় সত্য স্বীকার করে নেওয়ার, রাজনৈতিক ভুল পন্থা পরিহার করার। এই রাষ্ট্র নানাভাবে দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করে চলেছে। এ সর্বনাশা পথে হাঁটা তাদের বন্ধ করা দরকার। এটা পরিতাপের বিষয় যে জাতিসংঘের মানবাধিকার ফোরামের শুনানিতে বাংলাদেশ প্রায় নিয়মিতভাবে আসামির মতো কাঠগড়ায় দাঁড়াচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিরা তুলাধোনা হচ্ছেন। কয়েক বছর হয়ে গেল জাতিসংঘের গুমবিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার বাংলাদেশে সরেজমিনে পরিদর্শনের জন্য আসতে চাইছেন। কিন্তু বাংলাদেশ নানা ওজর-আপত্তি তুলে তা ঠেকিয়ে রাখছে। অনেক মানবাধিকারকর্মীর ধারণা, বাংলাদেশ যেহেতু গুমের অস্তিত্ব স্বীকার করে না, তাই তারা স্পেশাল র্যাপোর্টিয়ারের প্রবেশ যুক্তিসংগত মনে করে না।
আমরা মনে করি, এ অবস্থান বাংলাদেশের ঘোষিত অবস্থানের বিরোধী। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে অবশ্যই একটি স্বচ্ছ ও যুক্তিগ্রাহ্য ভাবমূর্তি তুলে ধরতে হবে। বাংলাদেশ যদি মনেই করে এই রাষ্ট্রে গুম হয় না, তাহলে তো তার এটির পক্ষে যাওয়াটাই অপরিহার্য হয়ে পড়ে। কিন্তু শুধু গুম নেই বলে চুক্তি এবং স্পেশাল র্যাপোর্টিয়ারের সফরের বিষয়কে অব্যাহতভাবে প্রত্যাখ্যান করে চলা গ্রহণযোগ্য নয়।
তবে বিশ্ব ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, এ ধরনের গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা নির্যাতন দেশ-সমাজকে বর্বর থেকে বর্বরতর করেছে। এ ধরনের নীতি অনুসরণের তিন-চার দশক পেরিয়ে যাওয়ার পরও এল সালভাদর ও গুয়াতেমালার মতো দেশগুলো ধুঁকছে। এসব দেশে এখনো সবচেয়ে বেশি গুম-খুন হয়। সুতরাং এ পথ ভ্রান্ত। সংসদে যাঁরা প্রকারান্তরে এর পক্ষে সরবে বলেছেন, তাঁরা অবশ্যই ভ্রান্ত। এ ভ্রান্তির অবসান হোক।