গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কথিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জঙ্গি, যারা বিচার এড়িয়ে চলতে সক্ষম থাকতেন, কোনোভাবে ধরা পড়লেও জামিন নিয়ে পালিয়ে যেতেন, তাদের ক্ষেত্রে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিধান প্রয়োগ করার যুক্তি দেওয়া হতো। এখন মনে হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠীগত প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবেও এর অপব্যবহার আর লুকোছাপার কোনো ব্যাপার নয়।

বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্টের সময় যেসব ‘হার্ট অ্যাটাকের’ ঘটনা ঘটেছিল রাষ্ট্র তার কোনো একটিরও তদন্ত করতে অস্বীকৃত জানিয়ে প্রকারান্তরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকেই সমর্থন করেছে। ২০১৩ সালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর’ পরিচয়ে কমপক্ষে ২০ জন মানুষকে নাই করে দেওয়া হলো, কারও হদিস মিলল না। এ নিয়ে কারও তরফেই জবাবদিহি নেই, এমনকি কারও কোনো দায় আছে বলেও মনে হচ্ছে না।

জেনেভায় মানবাধিকার কমিশনের সভায় আইন ও বিচারমন্ত্রী বিএনপি আমলের তুলনায় পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে দাবি করেছেন। তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে প্রতি মাসে গণমাধ্যমে ২০ থেকে ২৫ জনের নিখোঁজ বা গুম হওয়ার তথ্য প্রকাশ হয় বলে জানিয়েছেন। পরিহাস হলো, প্রচলিত আইন কমিশনকে এসব ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করার এখতিয়ার দেয়নি। এটা তাদের থাকা উচিত। সরকার ও অভিযুক্ত সংস্থাগুলোর উচিত স্বজনদের পাশে দাঁড়ানো, তাদের প্রশ্নের উত্তর দেওয়া।