গত শুক্রবার একই দিনে ঢাকাসহ দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় র্যাবের দুই সদস্যসহ মোট ১২ জন মানুষের প্রাণ হারানোর একাধিক সংবাদ ছাপা হয়েছে পরদিনের প্রথম আলোয়। যেসব ঘটনা প্রায় প্রতিদিন ঘটে, প্রথাগত সাংবাদিকতায় সেগুলো সংবাদমূল্য হারায়। কিন্তু মানুষের প্রাণহানির মতো বড় সংবাদ তো উপেক্ষণীয় হতে পারে না। তাই আমাদের সংবাদমাধ্যম সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর কমবেশি গুরুত্বের সঙ্গে পরিবেশন করে।
কিন্তু এই গুরুতর জাতীয় সমস্যাটি সমাধানের সক্রিয় উদ্যোগ নেওয়া যাদের দায়িত্ব, সরকারের সেই কর্তৃপক্ষগুলো এটাকে যথেষ্ট গুরুত্ব দেয় না। এমনকি সড়ক দুর্ঘটনায় প্রতিবছর কত মানুষ হতাহত হয়, তারও কোনো নির্ভরযোগ্য তথ্য সরকারি তরফে পাওয়া যায় না। পুলিশের সূত্র থেকে যে তথ্য দেওয়া হয়, তা এত কম যে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দেওয়া হিসাবের সঙ্গে তা অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়।
যেমন, গত বছর ২০ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ছিল, ২০১২ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২১ হাজার ৩১৬ জন। আর বাংলাদেশ সরকার দাবি করেছে, সে বছর নিহতের সংখ্যা মাত্র ২ হাজার ৫৮৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, সরকারের এই হিসাব করা হয়েছে দুর্ঘটনার পর পুলিশের মামলার সংখ্যার ভিত্তিতে। যাত্রী কল্যাণ সমিতি নামে একটি বেসরকারি সংগঠনের দেওয়া হিসাবে ২০১৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৮ হাজার ৬৪২ জন। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তানভীর হাসানের ধারণা, এ দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সাত-আট হাজার মানুষ মারা যায়। ২০১১ সালে তৎকালীন যোগাযোগমন্ত্রী বলেছিলেন, এ দেশে বছরে ১২ থেকে ১৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
সড়ক দুর্ঘটনা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না, কিন্তু কমানো অবশ্যই সম্ভব। কী কী করতে হবে, সে সম্পর্কেও প্রচুর সুপারিশ অসংখ্যবার করেছেন বিশেষজ্ঞসহ বিভিন্ন সমিতি-সংগঠন। প্রয়োজন—এটা যে একটা গুরুতর জাতীয় সমস্যা, তা উপলব্ধি করা।