গুলিস্তানের উচ্ছেদ-সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের ঘটনায় ইঙ্গিত মিলেছে যে দেশে আইনের শাসন অনেকটাই অকার্যকর। জনস্বার্থে বেআইনি স্থাপনা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন এবং সেটা করতে গিয়ে আইনানুগভাবে সব রকম বিধিবিধান তাদের অনুসরণ করার কথা।
ডিসিসির মেয়রের সঙ্গে আমরা একমত যে ‘উচ্ছৃঙ্খলভাবে কেউ রাস্তা দখল করতে চাইলে তিনি কঠোরভাবে তা দমন করবেন।’ কিন্তু এই ‘কঠোরতা’ তাঁকে অবশ্যই আইনের চৌহদ্দির মধ্যে থেকে করতে হবে। এটাই সভ্য সমাজের রীতি। কিন্তু বৃহস্পতিবার গুলিস্তানে ‘কঠোরতার’ নামে পুলিশের উপস্থিতিতে কথিতমতে সশস্ত্র ছাত্রলীগ নেতাদের সশস্ত্র তৎপরতা আমাদের হতবাক করেছে। আমরা এই তাণ্ডবের নিন্দা জানাই।
গুলিস্তানে হকার উচ্ছেদ, দফায় দফায় সংঘর্ষছাত্রলীগ এর দায় অস্বীকার করলেও দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে ক্ষমতাসীন দলের উচিত হবে অবিলম্বে ব্যবস্থা নেওয়া। সরকারের নীতিনির্ধারক এবং মেয়র একমত হবেন যে, ‘জনস্বার্থে’ এ ধরনের সশস্ত্র হামলা বা মহড়াকে সমর্থন করা কার্যত সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া, যা আইনের শাসনের পরিপন্থী। একই সঙ্গে যেসব হকার সরকারি কাজে বাধা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নিতে হবে। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া যায় না।
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, গুলিস্তানের অবৈধ দোকান ও হকার উচ্ছেদে কোনো সরকারই কার্যকর ও সুপরিকল্পিত পদক্ষেপ নিতে পারেনি। প্রায় রাতারাতিই উচ্ছেদ করা স্থানে জবরদখল ঘটতে দেখা গেছে। এবারের সহিংসতা বিরল বটে, পুলিশের খাতায় ‘শান্তিপূর্ণ অভিযান’, হিংসাশ্রয়ী ঘটনাবলির সাক্ষী শুধু মিডিয়া। মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনারের স্পর্ধিত মন্তব্য হলো, ‘পুলিশকে হস্তক্ষেপ করতে হয়নি। তারা নীরবে দাঁড়িয়ে ছিল।’ কোনো মামলা বা আটকের ঘটনা নেই।
অন্যদিকে ক্যামেরার সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগের নেতারা স্বীকার করেছেন যে ‘বেআইনি হকারদের’ বিতাড়নে তাঁরা ‘সহায়তা’ দিয়েছেন। মেয়র অবশ্য তাঁদের ওই ‘বীরোচিত’ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ না করলেও ওই ‘সহায়তা’ লাভের দাবি অস্বীকার করেননি! আমরা অবিলম্বে ওই ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের দাবি জানাই।