নাগরিক সেবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ন্যায়সংগত ব্যবস্থা প্রয়োজন
গৃহকর বাড়ানো যৌক্তিক হওয়া দরকার
মহানগরে গৃহকর বাড়ানোর সিদ্ধান্তের যৌক্তিকীকরণ দরকার। চট্টগ্রামের মানুষ বর্ধিত গৃহকর নিয়ে রীতিমতো ফুঁসছেন। সেখানে কারও ওপর ৩০ গুণও গৃহকর আরোপ করা হয়েছে, যা অযৌক্তিক। তা ছাড়া, সার্বিকভাবে জনগণের দৈনন্দিন জীবনে সুযোগ-সুবিধা বৃদ্ধির সঙ্গে করের আনুপাতিক বৃদ্ধি সূত্রবদ্ধ হওয়া উচিত।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে গৃহকর বাড়ানোর বিষয়ে বেশ কৌতূহলোদ্দীপক আলোচনা হয়েছে। সরকারি ও বিরোধীদলীয় তিনজন সাংসদ এবং ডেপুটি স্পিকারের যে অভিব্যক্তি দেখা গেছে, তাতে এটা পরিষ্কার যে, সবারই উদ্বেগ কৌশলগত। সামনে সাধারণ নির্বাচন। তাই এখন এতটা বেশি কর একত্রে বৃদ্ধি করা হলে মহানগরীর ভোটাররা তা ভালোভাবে নেবেন না। এর মাশুল দিতে হবে সংসদ সদস্যদের। তার মানে মানুষের ওপর কেন এতটা করের বোঝা চাপবে, তা নিয়ে যতটা না শিরঃপীড়া তার থেকে ‘সময়’ ফ্যাক্টর নিয়ে তাঁরা বেশি চিন্তিত হয়ে পড়েছেন।
ঢাকা ও চট্টগ্রামের নাগরিক জীবনে গত ১০ বছরে গুণগত কোনো উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিবহন, পয়োপ্রণালি, বাসস্থান, শিক্ষা বা স্বাস্থ্যের মতো কোনো সেবা খাতেই উল্লেখযোগ্য মৌলিক পরিবর্তন আনা সম্ভব হয়নি। বিশেষ করে জলাবদ্ধতা এবং যানবাহনের অনুপাতে রাস্তাঘাট না বাড়ায় নাগরিক জীবনে অস্বস্তি লক্ষ করা যাচ্ছে। প্রস্তাবিত কর কার্যকর হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জেরবার মানুষের জীবন আরও কঠিন হবে।
তবে সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনায় যদি কর বাড়ানো এতকাল স্থগিত রাখার যুক্তি দেওয়া হয়, তাহলে কিন্তু একত্রে আট-দশ গুণ বৃদ্ধি করার যুক্তি ধোপে টেকে না। জীবনযাত্রার অন্যান্য ক্ষেত্রে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটে সে অনুপাতে তাঁরা বর্ধিত গৃহকর দেবেন। কিন্তু সেই দায়িত্ব পালনে অপারগতার পরিচয় দিয়ে এখন একসঙ্গে তা উশুল করে নেওয়াটা সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশক নয়।
নগর সরকার গঠনের মতো জরুরি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ শাসক দল দেখায়নি। ইমারত আইনে যত রক্ষাকবচ তৈরি করা হয়েছে, তার বাস্তবায়নে আমরা নগরপিতাদের কোথাও বিচলিত হতে দেখিনি। কেউ কি নিশ্চয়তা দেবেন যে, বর্ধিত গৃহকর বর্ধিত নিরাপত্তা দেবে। আমরা আশা করব, আলাপ-আলোচনার ভিত্তিতে গৃহকর বৃদ্ধির বিষয়ে অবিলম্বে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। গত মার্চে হাইকোর্ট গৃহকর বৃদ্ধির ওপর একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ওই সময়ে শুনানিতে যেসব আইনগত বিষয় এসেছিল, সেদিকে নগরপিতাদের কর্ণপাত না করা দুর্ভাগ্যজনক।