সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি কনভেনশনের আলাকে গৃহকর্মী সুরক্ষায় একটি নতুন নীতিমালা তৈরি করে দীর্ঘদিনের একটি প্রয়োজন মিটিয়েছে। সার্বিক বিচারে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং আমরা এ জন্য শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়কে অভিবাদন জানাই।
যুগ যুগ ধরে গৃহকর্মীরা নানাভাবে নিগ্রহ ও বঞ্চনার শিকার হয়েছেন। গণমাধ্যমে দীর্ঘকাল ধরে গৃহকর্মী নিগ্রহের নানা হৃদয়বিদারক কাহিনি ছাপা হয়েছে। তাঁদের জীবনে বিচারের বাণী নীরবে–নিভৃতে কেঁদেছে। কিন্তু তাঁদের জন্য রাষ্ট্র যে কোনো বড় পদক্ষেপ নিতে পারে, তা কেবল দাবিদাওয়ার মধ্যেই সীমিত থেকেছে। অসংগঠিত জনগোষ্ঠী হিসেবে তাঁরা তাঁদের অধিকার প্রতিষ্ঠায় বড় কোনো আন্দোলনও গড়ে তুলতে পারেননি।
কোনো সন্দেহ নেই যে অনেক আগেই এই পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। দেশে গৃহকর্মীর সংখ্যা এখন ২০ লাখের বেশি। কিন্তু কর্মক্ষেত্রে তাঁদের ন্যূনতম অধিকারের কোনো আইনানুগ স্বীকৃতি ছিল না। অবশ্য এ কথা ঠিক যে গৃহকর্মীদের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যেমন অসংখ্য অভিযোগ রয়েছে, তেমনি তাঁদের প্রতি মানবিকতা ও সহমর্মিতারও ভূরি ভূরি নজির রয়েছে। অনগ্রসর অংশের প্রতি সহানুভূতিশীল থাকাটাই নাগরিকের কর্তব্য, নতুন নীতিমালা তঁাদের সেই কর্তব্যবোধকে শাণিত করবে বলে আমরা আশা রাখব।
সবেতন ১৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির বিধানসংবলিত শর্তাবলিতে যে আটটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আমরা আশা করতে পারি যে গৃহকর্মীদের জীবনমানের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে। এর পক্ষে ব্যাপক ভিত্তিতে প্রচার-প্রচারণা ও জনমত গঠনের দরকার পড়বে। বেতন কত হবে সেটা আলোচনাসাপেক্ষ থেকে গেছে। তবে সেদিন হয়তো আর বেশি দূরে নয়, যেদিন তাঁদের জন্য ন্যূনতম মজুরিকাঠামোর দরকার পড়বে।
আমাদের দেশে ধূমপান রোধ বা পরিবেশ সুরক্ষার মতো নানা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আইন করেও দেখা গেছে তার কার্যকর প্রয়োগ দেখা যায় না। আমরা আশা করব যে এই নীতিমালা যেন কাগজে-কলমের বিষয়ে পরিণত না হয়।