গৃহকর্মীকে নির্যাতনে গৃহকর্ত্রীর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী আদুরীর ওপর গৃহকর্ত্রী নওরীনের নির্যাতনের যে বর্ণনা আমরা জেনেছি, তাতে আদুরী শেষ পর্যন্ত ন্যায়বিচার পেয়েছে বলেই আমরা মনে করি। আদুরীকে নির্যাতনের মামলায় আসামি গৃহকর্ত্রী নওরীন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা। এ রায়কে আমরা যুগান্তকারী রায় হিসেবে বিবেচনা করতে পারি। এ সাজা আমাদের সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

পল্লবীর ডিওএইচএসের একটি ডাস্টবিন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গৃহকর্মী আদুরীর ওপর নওরীন জাহান যে নির্যাতন চালাতেন, তা শিউরে ওঠার মতো। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী, আদুরীকে সারা দিনে এক বেলা খেতে দিতেন নওরীন। তাও শুধু মুড়ি। মাঝে মাঝে শুধু লবণ দিয়ে ভাত দিতেন। কারণে-অকারণে হাতের কাছে যা থাকত, তাই দিয়ে মারতেন। কখনো গরম ইস্তিরি দিয়ে শরীরে ছ্যাঁকা দিতেন। কখনো ব্লেড দিয়ে শরীর ও মাথা কাটতেন। এমনই নির্যাতন করেছেন যে মারা গেছে ভেবে আদুরীকে ডাস্টবিনের কাছে ফেলে রেখে গিয়েছিলেন। সেই সব নির্যাতনের চিহ্ন ও যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছে আদুরী। আদালতের পর্যবেক্ষণে যথার্থই বলা হয়েছে, এ ধরনের নির্যাতন সমাজের সবাইকে কলঙ্কিত করেছে।

বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে গৃহকর্মী নির্যাতনকারীর অভাব নেই। এই তো কয়েক দিন আগের কথা। রাজধানীর পল্লবীতে গৃহকর্ত্রী আয়েশা লতিফ ঠিকভাবে ডিম পোচ করতে না পারায় সাবিনা নামের এক গৃহকর্মীর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি রুটি বানানোর বেলুন দিয়ে বেদম পেটান। গৃহকর্মীরা যে শুধু নির্যাতনের শিকার হচ্ছেন তা নয়, তাঁদের হত্যাও করা হচ্ছে।

বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে ১৭০ জন নির্যাতনের শিকার গৃহকর্মী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬৫ জন। আর মোট নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় ৩৫০টি। এই পরিসংখ্যান শেষ কথা নয়। দেশজুড়ে নিশ্চিতভাবেই গৃহকর্মী নির্যাতনের আরও অসংখ্য ঘটনা ঘটে চলেছে, যেগুলো জানা যায় না, কোনো পরিসংখ্যানেও জায়গা পায় না।

আদুরীর পক্ষে দাঁড়ানো, আইনি সহায়তা দেওয়া ও শেষ পর্যন্ত মামলাটিকে একটি পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে আমরা সাধুবাদ জানাতে চাই। গৃহকর্মীকে নির্যাতনের জন্য নওরীন জাহানকে আদালত যে শাস্তি দিয়েছেন, তা একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি। গৃহকর্মী নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করার জন্য একটি জোরদার সামাজিক আন্দোলন জরুরি হয়ে পড়েছে।