গত বছরের জুলাই মাসে গৃহকর্মী আদুরীকে নির্যাতনের মামলায় আসামি গৃহকর্ত্রী নওরীন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হয়। তখন আমরা ভেবেছিলাম এ রায় আমাদের সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই প্রেক্ষাপটে এই প্রত্যাশা খুবই স্বাভাবিক যে গৃহকর্মীদের ওপর এ রকম নির্মম নির্যাতনের ঘটনা আমাদের আর শুনতে হবে না। কিন্তু বছর না ঘুরতেই গৃহকর্মী সাবিনার ওপর একই ধরনের নির্যাতনের ঘটনা আমাদের প্রত্যাশাকে ভুল প্রমাণিত করেছে।
রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরবলেশ্বর গ্রামের সাবিনা (২৫) এক বছর আগে ঢাকার ধানমন্ডির ৯ নম্বর রোডের একটি বাড়িতে কাজে যোগ দেন। কিন্তু এই এক বছরে তাঁর ওপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন। কাজে ভুল হলেই তাঁকে নির্যাতন করতেন গৃহকর্ত্রী। মুখে কাপড় গুঁজে মোটা লাঠি দিয়ে দরজা বন্ধ করে পেটানো হতো তাঁকে। এতে হাতের বাহু থেকে শুরু করে কবজি পর্যন্ত কয়েক জায়গায় ভেঙে যায়। তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। মাস তিনেক আগে চা বানানোর সময় তাঁর পায়ে গরম পানি পড়ে।
কিন্তু তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। ফলে ক্ষত গভীর হয়ে যাওয়ায় সোজা হয়ে হাঁটতে পারেন না তিনি। দুই পায়ে পচন ধরেছে। সাবিনার মুঠোফোনটিও নিজের কাছে রেখে দিয়েছিলেন গৃহকর্ত্রী। তাই অনেক দিন মেয়ের খোঁজ না পেয়ে সাবিনার মা ঢাকায় এসে ধানমন্ডির ওই বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে গ্রামে নিয়ে যান। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাবিনার মতো প্রতিদিন কত গৃহকর্মী যে নির্যাতনের শিকার হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ২৮৬ জন গৃহকর্মী নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। সরকার ২০১৫ সালে গৃহকর্মকে ‘শ্রম’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’-এর খসড়া অনুমোদন করে। এই নীতিতে গৃহপরিচারিকাদের তাঁদের সুরক্ষা, কল্যাণ, অবকাশ, বিনোদন, ছুটিসহ সুষ্ঠু ও মর্যাদাসম্পন্ন কাজের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু এই নীতির যে কোনো প্রয়োগ নেই, তা তো বোঝাই যাচ্ছে।
আমরা চাই, গৃহকর্মীদের ওপর নির্যাতনের অবসান হোক। এটা অজানা নয়, প্রভাবশালী অপরাধীরা ভয়ভীতি, হুমকি, আপসরফা ইত্যাদির জন্য চাপ দিয়ে থাকে। নির্যাতন চালিয়ে প্রভাবশালীরা যেন পার পেয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাবিনাকে নির্যাতনের ঘটনায় এখনো মামলা হয়নি। আমরা চাই, এ ঘটনায় দ্রুত মামলা হোক এবং নির্যাতনকারীরা উপযুক্ত সাজা পাক।