গৃহকর্মীর প্রতি এ কেমন বর্বরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতার আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে গেল আন্তর্জাতিক নারী দিবসের দুদিন আগে। গত রোববার মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেনের এক সরকারি কর্মকর্তার বাসায় ধর্ষণের পর এক গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জনিয়া (১৫) নামের ওই কিশোরী গৃহকর্মী তার মায়ের বদলি হিসেবে ওই বাসায় ১৫ দিন ধরে কাজ করছিল। জনিয়ার পরিবারের অভিযোগ, গৃহকর্তার ছেলে জনিয়াকে ধর্ষণ শেষে হত্যা করেছে। বিস্ময়কর তথ্য হচ্ছে এ ঘটনায় পুলিশ মামলা নেয়নি।
সামগ্রিকভাবেই নারীর জন্য অনিরাপদ এই সমাজে গৃহকর্মে নিয়োজিত নারীদের অবস্থা সবচেয়ে করুণ। দেশে গৃহকর্মে নিয়োজিত প্রায় ৩০ লাখ শ্রমিকের বেশির ভাগই নারী ও শিশু। দুর্ভাগ্যজনকভাবে গৃহকর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন আমাদের সমাজে যেন নৈিমত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। থাকা-খাওয়ার বেলায়ও তাঁরা অমানবিক আচরণের শিকার। খুব কম ঘটনাই আলোচনায় আসে। তাদের সুরক্ষায় সরকারের কোনো কার্যকর তদারকি বা নজরদারি নেই। কখনো মামলা হলেও দারিদ্র্যের কারণে অনেক ক্ষেত্রেই বাদীপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে রফা ও মামলা তুলে নিতে বাধ্য হয়।
গত বছরের ২১ ডিসেম্বর মন্ত্রিসভা গৃহপরিচারিকাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গৃহকর্মকে ‘শ্রম’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’-এর খসড়া অনুমোদন করে। নীতিমালায় শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষেত্রে ফৌজদারি দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনসহ বিদ্যমান আইনে শাস্তির সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আইনের কার্যকর প্রয়োগ না হলে ‘সুরক্ষা ও কল্যাণ নীতি’ গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে না।
মিরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। প্রভাব ও প্রতিপত্তির কারণে যাতে এই বর্বরতার সঙ্গে জড়িত ব্যক্তিরা পার পেয়ে না যায়, সে ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।