গত রোববার হরতাল ডেকেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হরতালের প্রতিবাদে দুপুরবেলা ঢাকার মিরপুরে একটা মিছিল বের করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শাহ আলী থানা শাখার নেতা-কর্মীরা। মিছিলটির পেছন দিক থেকে মোটরসাইকেলে করে আসছিলেন কয়েকজন যুবক। মিছিলকারীদের কজন ওই মোটরসাইকেল আরোহীদের উদ্দেশে কটূক্তি ছুড়ে দিলে দুই পক্ষে হাতাহাতি বেধে যায়। মোটরসাইকেল আরোহীরা সংখ্যায় ছিলেন কম, মিছিলকারীদের সঙ্গে না পেরে তাঁরা পিছু হটে চলে যান।
তার পরের ঘটনা ভয়াবহ—মোটরসাইকেলযোগে এবার আগমন ঘটে ২০-২৫ জন সশস্ত্র যুবকের। মিছিলকারীদের হরতালবিরোধী সমাবেশ চলছিল, সশস্ত্র যুবকেরা লাঠিসোঁটাসহ নানা ধরনের ধারালো দেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন সমাবেশের ওপর, শটগানের গুলি ছোড়েন। বিপরীত পক্ষও পাল্টা আক্রমণ চালায়। আহত হন অন্তত ১৮ জন। শটগানের গুলিতে আহত হন শাহ আলী থানার উপপরিদর্শকসহ পুলিশের তিন সদস্য।
কোনো দল হরতাল ডাকলে প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের হরতালবিরোধী মিছিল-সমাবেশ করা কোনো খবর নয়। কিন্তু মিরপুরের এই ঘটনা একটা বড় খবর, সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পেয়েছে। কারণ, ওখানে গোলাগুলি হয়েছে যে দুই পক্ষে, তাদের কোনোটাই হরতাল আহ্বানকারী ছিল না। ছিল হরতালবিরোধী ক্ষমতাসীন আওয়ামী লীগেরই দুই সাংসদের কর্মী-সমর্থক। আক্রান্ত পক্ষের নেতা মিরপুরের সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিনা আক্তার অভিযোগ করেছেন, হামলাকারীরা ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের কর্মী-সমর্থক। এ দুই সাংসদের মধ্যে তীব্র বিরোধ চলছে মিরপুরের তিনটি থানার আওয়ামী লীগের শাখা কমিটি গঠন নিয়ে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ক্ষমতা ও পদ নিয়ে বিরোধের সহিংস প্রকাশ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই দেখা যায়। আমাদের প্রশ্ন, ক্ষমতাসীন দলের বলেই কি তারা দেশের সব আইনকানুনের ঊর্ধ্বে? রোববারের সহিংসতার জন্য দায়ী প্রতে্যককে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।