চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দুই প্রধান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। কারণ, নির্বাচনী প্রক্রিয়ার গোড়া থেকেই এ ধরনের প্রবণতা কাজ করতে থাকলে সামনে আরও বড় সমস্যার সৃষ্টি হতে পারে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন সমর্থক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে পারবেন। কিন্তু বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ১১ জন ও আওয়ামী লীগের সমর্থিত প্রাথী আ জ ম নাছির উদ্দিন ১২ জন নেতাকে সঙ্গে নিয়ে গত রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ বিষয়টি দৃশ্যত উপেক্ষা করেছেন এই বলে, ‘এখানে সাংবাদিক এত বেশি যে, কে প্রার্থীর প্রতিনিধি আর কে সাংবাদিক, সেটা বোঝা কঠিন।’
চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘন করেই মনোনয়নপত্র জমাএ ছাড়া সরকারি দল-সমর্থিত প্রার্থীর প্রায় ৫০ জন সমর্থক বাঁশি বাজিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছেন, এতেও আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। আর সরকারের একজন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাঁরা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে বক্তৃতা করেছেন। প্রথমত, ভোট গ্রহণের নির্ধারিত তারিখের ঠিক ২১ দিন আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে—সেই সময় এখনো আসেনি; দ্বিতীয়ত, কোনো প্রার্থীর পক্ষে কোনো মন্ত্রী প্রচারণায় অংশ নিতে পারেন না।
ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্থির এক সময়ে, যখন নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ঠেকানোর প্রতি নির্বাচন কমিশনের বাড়তি নজর দেওয়া উচিত। বিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে নিতে হবে, তার প্রতিকার করতে হবে। যথাযথ প্রতিকারের দৃষ্টান্তগুলো অন্য প্রার্থীদের সতর্ক করবে। নির্বাচন কমিশনের মূল চ্যালেঞ্জ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান করা। সেই পথ সুগম হতে পারে প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে চলতে বাধ্য করা এবং লঙ্ঘনকারীদের বিধিমোতাবেক শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে।