গোদাগাড়ীর ভুক্তভোগীদের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

জায়গাজমি দখল-বেদখল নিয়ে পক্ষে-বিপক্ষে বিরোধের শেষ থাকে না। মামলা-সালিস, আদালত, থানা-পুলিশ তো থাকেই, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও নতুন নয়। কিন্তু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে বসন্তপুর গ্রামে যা ঘটে গেল, তা রীতিমতো অবিশ্বাস্য। কোনো ধরনের আইনি মীমাংসার প্রচেষ্টায় না গিয়েই ফিল্মি স্টাইলে চারটি পরিবারের জায়গাজমি দখল করে নেওয়া হয়েছে। কয়েক শ মানুষ বোমাবাজি করে, মাটি খুঁড়ে, আগুন লাগিয়ে উচ্ছেদ করে ১১টি ঘরবাড়ি। চরমভাবে চালানো হয় লুটপাট। ভুক্তভোগীরা থানায় গেলেও মামলা নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, থানা-পুলিশের যোগসাজশে দিনদুপুরে এ সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে। শেষ পর্যন্ত আদালতে মামলা করতে বাধ্য হন তাঁরা।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১৯৮৬ সালে গ্রামের গাহানু সরদার নামের এক ব্যক্তির কাছ থেকে জমি বায়না করেন ভুক্তভোগী জালাল উদ্দিন। তখন গাহানু জমি বিক্রির জন্য প্রশাসনের কাছে অনুমতির আবেদনও করেন। এর পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী ভূমি কার্যালয়কে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলা হয়। কিছুদিন পর গাহানু মারা গেলে জমির কবলা দলিল করা যায়নি। তখন গাহানুর ছেলে জহুর লাল ও মহর লাল প্রাপ্তবয়স্ক ছিলেন না। কিন্তু ৩৬ বছর ধরে সেই জমিতে বসবাস করে আসছিলেন জালাল উদ্দিনের পরিবার ও স্বজনেরা। এত বছর জমির খাজনাও তাঁরা মিটিয়েছেন। পরে জহুর ও মহরের কাছে জমিটি কিনে নিতে চাইলে রাজি হননি দুই ভাই। জমি দখলের জন্য আইনিভাবে কোনো ব্যবস্থা না নিয়েই সরাসরি বলপ্রয়োগে চলে যান তাঁরা।

গত রোববার ও বুধবার কয়েক শ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে জালালের বাড়িতে হামলা চালায় এবং দুই দফা আগুন দেয়। দুই ডজনের বেশি গরু-ছাগল, ধান, চাল, শর্ষে, ফ্রিজ এমনকি বাড়ির টিন আর ইটও নিয়ে যায় তারা। এরপর থেকে আতঙ্কে আছেন চারটি পরিবারের ২০ সদস্য, মানবেতর দিন কাটছে তাঁদের। স্থানীয় লোকজন বলছেন, এ রকম হামলা তাঁরা সিনেমায় দেখেছেন। দিনদুপুরে এভাবে হামলা হবে, তা ভাবেননি। কেউ তাঁদের সামনে যেতে পারেনি। যদিও জহুর লাল এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য, দখলকৃত জমি উচ্ছেদ করতে হলে সিভিল কোর্টে মামলা করতে হবে। পরে নোটিশ দিয়ে উচ্ছেদ করতে হবে। কিন্তু তারা যে আদিম-বর্বর কায়দায় জমিটা দখলে নিল, এটা বড় অপরাধ। অথচ থানার ওসি সুবোধ বালকের মতো বলছেন, তিনি কিছুই জানেন না। এত বড় একটি ঘটনায় পুলিশের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ।

স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান, ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ান। আইনিভাবে বিষয়টি সুরাহার ব্যবস্থা নিন।