গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল এলাকার সাঁওতালরা আবার বিক্ষোভে নেমেছেন। চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাঁরা। সাঁওতালদের দাবি, সেটি তাঁদের পৈতৃক জমি। এর আগে, ২০১৬ সালে সেই জমিতে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিনজন সাঁওতাল নিহত হন। সেই ঘটনা দেশজুড়ে তোলপাড় তৈরি করে।
এখন সেখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর প্রতিবাদে গত সোমবার দুই শতাধিক সাঁওতাল লাঠি ও তির-ধনুক হাতে বিক্ষোভে নামেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে ইপিজেডের পক্ষে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। এর জন্য তাঁরা স্থানীয় জনগণকেও সংগঠিত করেছেন। ফলে মহিমাগঞ্জের এই এলাকায় নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চিনিকলের আওতায় ১ হাজার ৮৩২ একর জমি রয়েছে। এই জমিতে উৎপাদিত আখ চিনিকলে মাড়াই হতো। ২০১৬ সালের সংঘর্ষের পর সাঁওতালরা এই জমি দখলে নেন। সেখানে এখন বেপজা ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে। সাঁওতালদের বক্তব্য, ইপিজেড হলে তাঁদের বাপ-দাদার জমি থাকবে না। ইপিজেডের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে চিনিকল কর্তৃপক্ষের বক্তব্য, ইপিজেড হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেখানে সাঁওতালদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রথম আলোর প্রতিবেদনে জানা যায়, ১৯৫৪ সালে চিনিকলের অধীনে এসব জমি অধিগ্রহণ করা হয়। সরকার এর মধ্যে যে ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ করেছে, এটিও তার একটি। এখন এখানে ইপিজেড নির্মাণের উদ্যোগ নিয়েছে বেপজা। তবে সাঁওতালদের দাবি, চিনিকলের জন্য আখ চাষের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না শর্তে তাঁদের কাছ থেকে সেসব জমি অধিগ্রহণ করা হয়। সে শর্ত ভঙ্গ করা হলে জমি ফেরত দিতে হবে। ফলে এখানে ইপিজেড নির্মাণের প্রশ্নই আসে না। সেই চুক্তিপত্রও তাঁদের কাছে আছে।
অন্যদিকে চিনিকল কর্তৃপক্ষ বলছে, অধিগ্রহণের জমি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও ইপিজেডের পক্ষে। এমন জটিল পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা ছাড়া কোনো পথ নেই। অন্যথায়, ইপিজেডের জন্য নতুন করে জায়গা অধিগ্রহণ করতে হবে। অধিকার আদায় করতে গিয়ে আবার সাঁওতালদের রক্ত ঝরুক, তা আমরা চাই না। প্রান্তিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বার্থকে ক্ষুণ্ন করে কোনো উন্নয়ন আদতে সুফল বয়ে আনবে না। সব পক্ষকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে বিষয়টির সুরাহা হোক।