গোলাপিনগরের সাহিত্য উৎসব থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাধা চক্রবর্তী বহুদিন বাংলাদেশে ছিলেন। তখন তাঁর সঙ্গে কোনো দিনও দেখা হয়নি। যদিও তিনি যে নারীদের লেখা আর নারীর জন্য লেখা নিয়ে একটা সংকলন সম্পাদনা করেছিলেন, যেটা ইউপিএল থেকে বেরিয়েছিল, সেটায় আমার মা বইয়ের একটা অংশ ঠাঁই পেয়েছিল।জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিতে জয়পুর বিমানবন্দরে গাড়ির জন্য অপেক্ষা করার সময় পরিচয় হলো তাঁর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ফখরুল আলমের সঙ্গে মিলে তিনি যে এসেনশিয়াল ট্যাগোর সম্পাদনা করেছেন, সেটা বেশ বিখ্যাত ও প্রশংসিত।জয়পুর সাহিত্য উৎসবে লাখো মানুষের সমাগম হয়। ভিড়টা আমাদের বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলার মতো। তবে সবাইকে নাম রেজিস্ট্রেশন করে আসতে হয় আর সবার গলায় ব্যাজ ঝোলে বলে এত ভিড়েও কোনো অঘটন ঘটার আশঙ্কা কম। এই বিপুল জনতা ভিড় করে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত ভারী ভারী আলোচনা মন দিয়ে শোনেন। সুন্দর সুন্দর প্রশ্ন করেন।শ দুয়েক লেখক এসেছেন এখানে সারা পৃথিবী থেকে। বলিউড থেকে এসেছেন শর্মিলা ঠাকুর, শাবানা আজমি ও জাভেদ আখতার। গত শনিবার দুপুরে ওই ভিড়ের মধ্যে ঢুকলেন রাহুল দ্রাবিড়। বলা যায়, এই উৎসব এখন আর সাহিত্যের মধ্যে সীমিত নেই, এটা হয়ে উঠেছে তারকা শো।শনিবার সকালে একটা মঞ্চে রাধা চক্রবর্তী আর আমি আলোচনা করলাম এপার বাংলা-ওপার বাংলা বিষয়ে। রাধা তাঁর অনূদিত শেষের কবিতা থেকে পড়ে শোনালেন, আর আমি পড়ে শোনালাম ফ্রিডম’স মাদার থেকে। শ্রোতাদের মধ্যে বাঙালি ছিলেন বেশ কিছু, তাঁদের পক্ষ থেকে অনুরোধ এল, আনিসুল হক বাংলায় কিছু পড়ে শোনান না কেন। আমি তোমাকে ভাবনা করি বই থেকে ‘বাসাবাসির সমীকরণ’ কবিতাটা পড়ে শোনালাম।গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এসেছেন উৎসবে। সাংবাদিকেরা তাঁর সাক্ষাৎকার নিচ্ছেন। আমি চুপ করে পাশে দাঁড়িয়ে তাঁর কথা শুনলাম। প্রথম প্রশ্ন, এক জার্মান তরুণী সাংবাদিকের—দিল্লির গ্যাং রেপ নিয়ে যে প্রতিবাদ হচ্ছে, কিছু বলুন।গায়ত্রী বললেন, ‘বলব না। এই ধরনের ঘটনা আসামে, ওডিশায় ও হিমাচলে অনেক হচ্ছে। কেউ প্রতিবাদ করে না। আজকে মেট্রোপলিটন শহরে হচ্ছে বলে প্রতিবাদ হচ্ছে। আমি এ নিয়ে কিছুই বলব না।’‘আচ্ছা, স্কলার হওয়ার ঝক্কি কেমন?’‘আমি স্কলার নই।’‘নিউইয়র্ক টাইমস আপনাকে বলেছে দুর্বোধ্য। মন্তব্য করুন।’‘নিউইয়র্ক টাইমস-এর জন্য আমি কথা বলি না।’তিনি পশ্চিমবঙ্গে ও ঝাড়খন্ডে অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে যে স্কুল চালাচ্ছেন, সেসব নিয়ে বেশ খানিকটা বললেন।সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ হলে আমি এগিয়ে গিয়ে বললাম, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি।’পরে মধ্যাহ্নভোজের আসরে গিয়ে দেখি, তিনি আর সবার সঙ্গে একই টেবিলে বসে খাচ্ছেন। তারপর নিজেই উঠে এলেন। ‘আপনি বাংলাদেশ থেকে এসেছেন। কী যেন নাম আপনার। অনিরুদ্ধ?’আমি বললাম, ‘আনিসুল হক।’‘দেখুন। আমাদের মনের ভেতরে কী থাকে। আমি এএনআই পড়েই ভেবে নিয়েছি অনিরুদ্ধ। এই ধরনের পূর্বধারণা থেকে বেরোনো কত মুশকিল।’‘আপনি তো বাংলাদেশে প্রায়ই যান।’‘হ্যাঁ, যাই। এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে সলিমুল্লাহ খানের প্রশ্নের জবাবে বলেছিলাম, জাতীয় স্বাধীনতার আন্দোলনকে আমি বিপ্লব বলে মনে করি না। শুনে জাফর উল্লাহ এসে আমাকে জড়িয়ে ধরলেন—এখানে বসে এই কথা আপনি বললেন, আপনাকে অভিনন্দন। ঢাকায় আমার অনেক বন্ধু আছে।’আমি বললাম, ‘ফরহাদ মজহার?’‘ফরহাদ মজহার। ফরিদা আখতার। তবে সবচেয়ে বেশি বন্ধুত্ব ডাক্তার জাফর উল্লার সঙ্গে।’‘ঢাকা অনেকবার গেছেন।’‘ঢাকা না। আমি টাঙ্গাইল গেছি, কুষ্টিয়া গেছি, সিরাজগঞ্জ গেছি। আমি যে কাজ করতে গেলাম জাফর উল্লাহর ওখানে, ও বলল, আমাকে পরীক্ষায় পাস করতে হবে। ওর বাবা ছিলেন কলকাতার ওসি, আমার বাবা ছিলেন ঢাকার সিভিল সার্জন। বুঝুন সম্পর্কটা। তো আমাকে মোটরসাইকেলের পেছনে উঠে গ্রামে যেতে হলো। গ্রামের মেয়েদের সঙ্গে থাকতে হলো। পরীক্ষায় পাস করলাম। আচ্ছা বলুন তো, আমাকে হোটেলে যাওয়ার গাড়ি দেবে বলে একটা ছেলে উধাও হয়ে গেল। এখন ওকে কোথায় খুঁজে পাব?’আমি বললাম, ‘আপনি কেন ওকে খুঁজবেন। ওই আপনাকে খুঁজবে। আপনি আপনার সিটে গিয়ে বসুন।’ততক্ষণে সেই স্বেচ্ছাসেবক এল। বলল, ‘চলুন।’অনেকটা পথ হাঁটতে হবে। এত ভিড় ঠেলে নড়াচড়াই করা যাচ্ছে না। গায়ত্রীর পায়ে ব্যথা। কোমরে ব্যথা। নিজেই জানালেন। আমি বললাম, ‘আপনার হাতের থলেটা আমাকে দিন। আমি আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি।’দিলেন। ব্যাগটা ভারী। প্রায় আধা কিলোমিটার পথ ভিড় ঠেলে হাঁটতে হচ্ছে। এরই মধ্যে বললেন, একটা বই বের করছে নিউইয়র্ক থেকে, কবিতার সংকলন। আমি বললাম, ‘বিনয় মজুমদার এই ধরনের কাব্য কত লিখে গেছেন। ওরা আমার কথা শুনলই না।’ঠিক তখনই দেখি রাহুল দ্রাবিড় ঢুকছেন। তাঁর সামনে-পেছনে অনেক গার্ড।আর গায়ত্রী চক্রবর্তীর মতো ভুবনখ্যাত বুদ্ধিজীবী চলেছেন ভিড় ঠেলে, আমার পাশাপাশি। কিন্তু তাতে কি বুদ্ধিজীবিতার গুরুত্ব কমে?জলুস হয়তো লেখকদের, বুদ্ধিজীবীদের কম। কিন্তু তাই বলে তাঁরা কারও চেয়ে কম নন। আমি অবশ্য ক্রিকেটার বা সিনেমার তারকা—কারও ভূমিকাই ছোট করে দেখতে চাই না। সমাজে সবাই গুরুত্বপূর্ণ। কিন্তু গায়ত্রী চক্রবর্তী স্পিভাকদের গুরুত্বটাও আমাদের হয়তো বুঝতে হবে। অন্তত সাহিত্য উৎসবের উদ্যোক্তাদের বুঝতে হবে একটু বেশি।তাঁকে একটা গাড়িতে তুলে দিলাম। তিনি বললেন, ‘আবার দেখা হবে। কোথায়ই-বা দেখা হবে।’আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।