জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মোট ৯০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার খবরে অনেক মানুষের হতাশা ও ক্ষোভ বোধগম্য। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রত্যাশিত ছিল।তবে গতকাল সোমবার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমের মামলার রায় ঘোষণার সময় তাঁর এমন শাস্তির যে ব্যাখ্যা দিয়েছেন, তা বিবেচনায় নিলে হতাশা ও ক্ষোভ কিছুটা লাঘব হতে পারে। আদালত বলেছেন, গোলাম আযমের বিরুদ্ধে সবগুলো অভিযোগই প্রমাণিত হয়েছে, তাঁর অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য, কিন্তু তাঁর বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, গোলাম আযমের লঘু শাস্তির আদেশ কোনোভাবেই তাঁর দ্বারা সংঘটিত অপরাধগুলোর গুরুত্ব লঘু করে না। তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত না করার মধ্য দিয়ে আদালতের তরফে যে করুণা প্রদর্শিত হয়েছে, তার পেছনের যুক্তি মানবিক।আসামিপক্ষের আইনজীবী ও স্বজনেরা রায় প্রত্যাখ্যান করে আপিল করবেন বলে সংবাদমাধ্যমে বলেছেন। সেটা তাঁরা করতেই পারেন। কিন্তু জামায়াতে ইসলামী রায় ঘোষণার দিন সকাল-সন্ধ্যা হরতাল ডেকে আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা চালিয়েছে, তা দুর্বৃত্তপনা ছাড়া কিছু নয়। রোববার দুপুর থেকেই জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসময় পরিবেশ সৃষ্টি করেছেন। সহিংসতাসহ যাবতীয় রকমের বলপ্রয়োগমূলক কৌশলে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা জামায়াত-শিবির গোড়া থেকেই করে আসছে। কিন্তু তা যে ফলপ্রসূ হওয়ার নয়, জামায়াতে ইসলামীর নেতাদের তা উপলব্ধি করা উচিত। তারা আজ আবার হরতাল ডেকে চরম দায়িত্বহীনতা ও ঔদ্ধত্যের পরিচয় দিল। অন্যদিকে গোলাম আযমসহ যুদ্ধাপরাধের দায়ে অন্য অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ তাঁর কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে শাহবাগ অবরোধ ও বিক্ষোভ মিছিলসহ যেসব কর্মসূচি পালন করছে, তা বরাবরের মতো শান্তিপূর্ণ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আজ তাদের হরতাল ডাকার প্রয়োজন ছিল না। উভয় পক্ষেরই আপিল করার সুযোগ আছে।মুক্তিযুদ্ধের নয় মাস ধরে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও দণ্ডিত অন্য আসামিদের থেকে গোলাম আযমের পার্থক্য হলো, স্বাধীনতাবিরোধী প্রধান রাজনৈতিক শক্তি জামায়াতে ইসলামীর তৎকালীন আমির হিসেবে তিনি মানবতাবিরোধী অপরাধের প্রতীকে পরিণত হয়েছেন। মূলত তাঁকে কেন্দ্র করেই নব্বই দশকের শুরুর দিকে জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তাঁর দণ্ডিত হওয়ার মধ্য দিয়ে দেরিতে হলেও যুদ্ধাপরাধের বিচার না হওয়ার গ্লানি থেকে মুক্তির পথ প্রশস্ত হলো। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এতকাল হতে পারেনি রাজনৈতিক কারণে—এ কথা যেমন সত্য, তেমনি সত্য এটাও, এই বিচার-প্রক্রিয়া সম্পন্ন হতে পারছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক অঙ্গীকারের ফলে। বিচার-প্রক্রিয়ার ব্যাপারে জামায়াতে ইসলামীসহ তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও বলা যায়, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে বাংলাদেশের ইতিহাসের একটি বড় দায়মুক্তি ঘটবে।