বর্তমানে বাংলাদেশের যে সামাজিক ও রাজনৈতিক সংকট, তার জন্য মহাজোট সরকার দায়ী নয়। পূর্ববর্তী সরকারও দায়ী নয়। তার পূর্ববর্তী সরকারও নয়। এরশাদ অথবা জিয়ার সামরিক-আধাসামরিক সরকারগুলোও দায়ী নয়। বাহাত্তরের প্রথম সরকারকেও দায়ী করা যাবে না। এ সংকটের বীজ আমাদের স্বাধীনতাসংগ্রামের মধ্যেই রোপিত ছিল, স্বাধীনতার পরে সেই বীজ থেকে চারা গজায়। সেই চারাটি বড় হতে হতে এখন একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে। বাহাত্তর থেকে আজ পর্যন্ত যত সরকার দেশ পরিচালনা করেছে, তাদের দোষ ওইটুকু যে তারা সংকট থেকে বেরিয়ে আসার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরং প্রত্যেক সরকার সংকটের গাছটিকে লালন করেছে এবং প্রত্যেকেই সংকটে যোগ করেছে নতুন উপাদান।কোনো জনগোষ্ঠীর স্বাধীনতাসংগ্রাম হলো তার জাতীয় জীবনের সর্বশেষ সংগ্রাম। সেই সংগ্রামের পরে থাকে শুধু সৃষ্টিশীল ও গঠনমূলক কাজ করার। অথবা যদি কখনো কোনো বৈদেশিক শত্রুর সঙ্গে যুদ্ধবিগ্রহ করতে হয়, তা মোকাবিলা করা। কিন্তু চূড়ান্ত স্বাধীনতাসংগ্রামের আগে একটি জাতিকে পেরিয়ে আসতে হয় দীর্ঘ পথ। সেই দীর্ঘ পথে সংখ্যাহীন বিচিত্র কাজের মধ্যে প্রধান হলো সমাজ সংস্কার। সমাজ সংস্কারের মধ্যেই ধর্ম ও নৈতিকতার সংস্কারও অন্তর্ভুক্ত। ভারতবর্ষের হিন্দুসমাজ শ্রীচৈতন্য থেকে রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত অসংখ্য সংস্কারককে পেয়েছে। সমাজের একটা শক্ত ভিত্তি তাঁরা নির্মাণ করেছেন। সেই সমাজ যখন রাজনৈতিক নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে, তখন নানা দুর্বলতা সত্ত্বেও স্বাধীন হওয়ার যোগ্য হয়ে ওঠে।বাঙালি মুসলমান-সমাজে তা হয়নি। কোনো বলিষ্ঠ সংস্কারকের এ সমাজে আবির্ভাব ঘটেনি। কেউ কেউ সংস্কারের উদ্যোগ নিয়েছেন, কিন্তু তা খুবই সামান্য। এবং প্রতিক্রিয়াশীলদের বিরোধিতায় তারা কার্যকর কিছু করতে পারেননি। অত বড় তাঁরা কেউ ছিলেন না যে রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীলদের বিরোধিতাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে যাবেন। ১৯৭১-এ যখন দেশটি রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে, তখন এখানে ছিল একটি নিরেট নিশ্চেতন সমাজ। সেই সমাজের কাছে স্বাধীন জাতির অর্থ কী, তা বোধগম্য ছিল না। রাষ্ট্রে যাঁরা নেতৃত্ব দিলেন, তাঁরা সমাজের বাইরের কেউ ছিলেন না। সমাজ যা চাইত তাঁরাও তা-ই করতেন—তাঁরা যা করতেন, সমাজও তা-ই মেনে নিত। সমাজ ও শাসকের মন খাপে খাপে মিলে যাওয়ায়, সমাজের কোনো দিক থেকে কোনো ধাক্কা সৃষ্টি না হওয়ায়, স্বাধীনতার আগে থেকে শত শত বছর ধরে সমাজ যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই দাঁড়িয়ে রইল। দু-একটি প্রগতিশীল রাজনৈতিক কর্মসূচির নাম সমাজপ্রগতি নয়। অর্থাৎ দেশটি স্বাধীন হলো কিন্তু প্রগতিশীলতার কোনো লক্ষণ তাতে দেখা গেল না।ছয় দফাপন্থী আওয়ামী লীগ মনে করত, পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারে তাদের কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং পূর্ব পাকিস্তানে ভবিষ্যৎ তৈরি করতে গেলে কেন্দ্রীয় সরকারকে সব ব্যাপারে প্রবল বিরোধিতা করতে হবে। যত বিরোধিতা করবে, পূর্ব পাকিস্তানে তত জনপ্রিয়তাও বাড়বে। এবং বাঙালিদের উন্নতির জন্য দিতে হবে বড় বড় প্রতিশ্রুতি। সেই সব প্রতিশ্রুতিই স্বাধীনতার পরে আওয়ামী লীগের জন্য বিপদ হয়ে দাঁড়ায়।১৯৪৯-৫০ সাল থেকে মওলানা ভাসানী প্রায়-স্বাধীনতার মতো লাহোর প্রস্তাবের ভিত্তিতে পরিপূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা প্রায়শই সভা-সমাবেশে বলতেন। মুদ্রা ও প্রতিরক্ষা ছাড়া সবকিছু পূর্ব বাংলার হাতে ছেড়ে দেওয়ার দাবি জানাতেন। তখন তাঁর সঙ্গে অতি বামপন্থী মোহাম্মদ তোয়াহা এবং মধ্যপন্থী শেখ মুজিব ছিলেন। ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠনের পর থেকে ভাসানী-মুজিব ভিন্ন পথের পথিক হন—লক্ষ্য যদিও ছিল অনেকটাই অভিন্ন। পূর্ব বাংলার মানুষের অধিকারের প্রশ্নে তাঁরা ছিলেন অনড়।কমিউনিস্টরা তাঁর সহযাত্রী হওয়ায় এবং ভারী শিল্পকারখানা রাষ্ট্রায়ত্ত করার প্রস্তাব করায় মওলানা ভাসানী পূর্ব বাংলার উঠতি শিল্পপতি ও পুঁজিপতিদের সমর্থন পাননি। একমাত্র ব্যতিক্রম ইস্পাহানি। অন্যদিকে ছয় দফা আন্দোলনে পূর্ব বাংলার পুঁজিপতিরা এবং উঠতি বুর্জোয়ারা শেখ মুজিবকে পূর্ণ সহযোগিতা দেন, তবে তিনি সবচেয়ে বেশি সহযোগিতা পান উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের। জনতার মধ্য থেকে স্বাধীনতার দাবি যখন জোরদার হয়, তখন শীর্ষ আমলাদের চোখেই রঙিন স্বপ্ন ঝলমল করে ওঠে। তাঁরা বুঝতে পারেন, সামনে তাঁদেরই দিন। দেশ স্বাধীন হলে তাঁরাই হবেন দেশের প্রশাসনের সর্বময় কর্তা। দুর্বল মেধা ও নড়বড়ে নৈতিক চরিত্রসম্পন্ন রাজনীতিকদের যা বোঝাবেন, তাঁরা তা-ই বুঝবেন। স্বাধীনতার কথায় কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ খুব বেশি উদ্বেলিত হয়নি—তারা শুধু চেয়েছে ন্যূনতম সুযোগ ও বেঁচে থাকার নিশ্চয়তা এবং স্বৈরাচারী শাসন থেকে মুক্তি।কৃষক, গ্রামের নিম্নমধ্যবিত্ত ও শিল্প-এলাকার নিম্নবেতনভোগী শ্রমিকদের সন্তানেরাই আত্ম-উৎসর্গের শপথ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বড় আমলা ও শিল্পপতিদের ছেলেমেয়েরা নয়। ‘গন্ডগোলের’ ভয়ে আমলা ও বুর্জোয়াদের ছেলেমেয়েদের তড়িঘড়ি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। স্বাধীনতার পরে কৃষক, গ্রামীণ মধ্যবিত্ত ও শ্রমিকদের ছেলেমেয়েরা পেল না কিছুই। বড়লোকদের ছেলেরা এবং তাদের কিছু মেয়েরাও—যারা ওই নয়টি মাস কোনো দরিদ্র আত্মীয়ের অজপাড়াগাঁর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে বা পালিয়ে ছিল—প্রকাণ্ড মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করতে লাগল। তার ফলে যেদিন সরকার ও সমাজ পরিবর্তনের ঘোষণা দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জন্ম হয়, সত্যিকারের তরুণ মুক্তিযোদ্ধারা তাতে দলে দলে যোগ দেন। মুক্তিযোদ্ধারা সেদিন প্রবীণ বঙ্গবন্ধুকে ছেড়ে নবীন মেজর জলিল ও আ স ম আবদুর রবকে নেতা হিসেবে গ্রহণ করেন। তাঁদের সেদিনের ওই সিদ্ধান্ত ছিল অবিবেচনাপ্রসূত ও অদূরদর্শী। কিন্তু তাঁদের সামনে আর কোনো বিকল্পও ছিল না।শুরুতে যা বলেছি, আমাদের সত্তরের দশকের জাতীয়তাবাদী আন্দোলনেই অনেক অসংগতি ও দুর্বলতা ছিল। উনিশ শতকে জামশেদজি টাটারা কংগ্রেসে বিশেষ চাঁদা দেননি। কিন্তু কুড়ি শতকে ভারতীয় শিল্পপতিরা কংগ্রেসের আন্দোলনে অকাতরে অর্থ সাহায্য করেছেন। তা তাঁরা করেছেন দেশের মানুষের উপকারের জন্য নয়—নিজেদের স্বার্থে। দেশ স্বাধীন হলে ব্রিটিশ পুঁজিপতি ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে তাঁদের আর প্রতিযোগিতা করতে হবে না। সুতরাং যত তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়, ততই ভালো। বাপু বা গান্ধীর ডাকে সাড়া দিতে তাঁরা একপায়ে খাড়া থাকতেন। যমুনালাল বাজাজ ছিলেন গান্ধীর ‘পঞ্চম পুত্র’। বিড়লা-গোয়েঙ্কারাও তাই।ছয় দফাপন্থী নেতারা বললেন, সব শিল্পকারখানা পশ্চিম পাকিস্তানে হচ্ছে। পূর্ব পাকিস্তানে ‘কিছুই নাই’। বাঙালিদের শিল্পকারখানা প্রতিষ্ঠা করতে দেওয়া হয় না। ব্যাংক প্রতিষ্ঠা করে পাঞ্জাবিরা। সেই ব্যাংক থেকে ঋণ নেয় পাঞ্জাবিরা। সুতরাং আমরা চাই, বাঙালিরাই ব্যাংক-বিমা ও শিল্পকারখানা বাংলার মাটিতে গড়ে তুলবে। কথাটা শুনে বাঙালি শিল্পোদ্যোক্তা ও পুঁজিপতিরা খুবই উৎসাহিত হন। তাঁরা আওয়ামী লীগের ফান্ডে সাধ্যেরও বেশি টাকা ঢালতে থাকেন।ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সমান্তরালভাবে সমাজতান্ত্রিক আন্দোলনও জোরদার হয়। ছয় দফার আটলান্টিকের ওপরের পৃষ্ঠপোষকেরা এবং তাঁদের পশ্চিম ইউরোপীয় সহযোগীরা সমাজতান্ত্রিক আন্দোলনে শঙ্কিত হন। তাঁরা আওয়ামী লীগকে বলেন, কমিউনিজম ঠেকাও তো ঠেকাও, না ঠেকাও তো তোমাদের ওপর থেকে আমরা সমর্থন প্রত্যাহার করব। ফলে সত্তরের নির্বাচনের আগে আগে আওয়ামী লীগও বলতে থাকল, বাংলার মাটিতে যদি আদৌ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতেই হয় তো আমরাই করব, অন্য কেউ নয়।কৃষক-শ্রমিক ও সাধারণ গরিব মানুষকে আরও বেশি সম্পৃক্ত করতে মুজিবনগর সরকারের নেতারাও ঘোষণা দিলেন, ‘আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব।’ কথাটা অস্পষ্ট রাখলেই পারতেন, কিন্তু খোলাসা করে বললেন, ‘ব্যক্তিমালিকানায় কোনো ভারী শিল্পকারখানা করতে দেব না, এখন যা আছে তাও রাষ্ট্রায়ত্ত করব।’ কথাটা শুনে বাঙালি পুঁজিপতিদের হার্টফেল করার উপক্রম।কিন্তু একবার যখন চড়েই ফেলেছেন, তখন ওই নৌকা থেকে নামবার আর কোনো উপায় ছিল না। অর্থাৎ আত্মহত্যা করা ছাড়া তাঁদের আর কোনো বিকল্প ছিল না। স্বাধীনতার পর আদমজীসহ শুধু অবাঙালিদের মিল-কারখানাই নয়, বাঙালি-অবাঙালি নির্বিশেষে সব ভারী শিল্প-ব্যাংক-বিমা রাষ্ট্রায়ত্ত করা হয়। বহু বিকাশমান শিল্পে দলীয় অনভিজ্ঞ ও অযোগ্য লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।আরও বহু কারণ যোগ হয়েছিল, কিন্তু পঁচাত্তরের রক্তাক্ত পট পরিবর্তনের পেছনে প্রধান কারণ সরকারের রাষ্ট্রায়ত্ত নীতি। মোশতাক ও জিয়ার সরকারের আমেরিকা ও পশ্চিম ইউরোপসহ সারা দুনিয়ার অকুণ্ঠ সমর্থন পাওয়ার রহস্যটি বিশ্লেষণ করে দেখেননি আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। আজকে বাংলাদেশে যে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটেছে, তার সূচনা পঁচাত্তরের পরে। আওয়ামী লীগের আজ যেসব এমপি ও ব্যবসায়ী-শিল্পপতি কয়েক শ বা হাজার কোটি টাকার মালিক, তাঁরা মোশতাক-জিয়ার কাছেই ঋণী। সুতরাং এরশাদের কাছেও।যেকোনো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জিত হলে কোনো বিরোধী পক্ষ কিছুকাল উপদ্রব করতে পারে। আওয়ামী লীগের সৌভাগ্য বাহাত্তরে তেমন কোনো বিরোধী শক্তির মোকাবিলা তাদের করতে হয়নি। চীনপন্থী দু-একটি হঠকারী অতি ক্ষুদ্র গ্রুপ কিছুদিন সামান্য সন্ত্রাসী কাজ চালিয়ে থেমে যায়। রাজাকার-আলবদররা ভারতীয় সৈন্যদের ভয়ে গর্তে গিয়ে লুকায়। কিন্তু আওয়ামী লীগের দুর্ভাগ্য যে তার নিজের ভেতর থেকেই জন্ম নেয় মহাবিপ্লবী জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। জাসদ ছিল আওয়ামী লীগেরই একটি ভিন্ন সংস্করণ। তাদের বিপ্লবী কর্মকাণ্ড ছিল অন্য রকম: আওয়ামী লীগের লোকদের মেরে-কেটে সাফ করা।একটি নতুন স্বাধীন দেশকে গড়ে তুলতে হলে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আওয়ামী লীগ দেশ গড়তে চাইল একা—দেশের সব সম্পদ ভোগ করতে চাইল শুধু তারা নিজেরাই। কৃষক তাদের সঙ্গে রইলেন না, শ্রমিক তাদের সঙ্গে রইলেন না, ব্যবসায়ী-শিল্পপতিরা বন্ধুত্ব গড়ার সুযোগই পেলেন না, প্রশাসনের মধ্যে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা উপদল সৃষ্টি করলেন, সেনাবাহিনীর যেসব কর্মকর্তাদের বিশ্বাস করলেন, তারা ছিলেন ঘোর বিশ্বাসঘাতক। সরকারদলীয় লোকদের দিয়ে যে লালবাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী প্রভৃতি গড়ে তুলল, তাঁরা ছিলেন পৃথিবীর সেরা সুবিধাবাদী। তারপর সব দল নিষিদ্ধ করে যখন একদলীয় শাসন শুরু হলো, তখন জনগণ হতাশায় বাকরুদ্ধ হয়ে গেল।একাত্তরের ১০ এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি হয়, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মূল্যবান দলিল। ওই দলিলটি যাঁরা ‘এক রাত্রে’র মধ্যে রচনা করেছেন, তাঁরা বিচক্ষণতার পরিচয় দেননি। তাঁরা যে চিন্তাশীল ও দূরদর্শী—তার পরিচয়ও নেই ওই ঘোষণাপত্রে। ওতে অনাগত স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নেই। বরং একনায়কত্ব প্রতিষ্ঠার ব্যবস্থাটিই ওতে রাখা হয়। রাষ্ট্রপতিকেই দেওয়া হয়েছিল সর্বময় ক্ষমতা—রাজতন্ত্রে সম্রাটের বা রাজার যেমন থাকে।বাহাত্তরে যে সংবিধান রচিত ও গৃহীত হয়, তাতে কিছু অসংগতি ও দুর্বলতা থাকা সত্ত্বেও মোটের ওপর একটি ভালো সংবিধান। সংবিধান রাষ্ট্রের লিখিত দলিল। বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনে তা সংশোধনের ভেতর দিয়ে একদিন ত্রুটিহীন হতে পারে। আমাদের সংবিধানেরও সে সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করার আগেই তার স্রষ্টাদের দ্বারাই চতুর্থ সংশোধনীর মাধ্যমে তা একটি অগণতান্ত্রিক দলিলে পরিণতি হয়। অগণতান্ত্রিক সেই গ্রন্থটির ওপর পঞ্চম সংশোধনীর কুড়ালের কোপ পড়ে। তারপর অষ্টম সংশোধনী পর্যন্ত নানা রকম ছুরিকাঘাতে জাতির গণতান্ত্রিক মূল্যবোধকেই হত্যা করা হয়।কিন্তু কোনো স্বাধীন জাতির কাছে তার লিখিত সংবিধানের চেয়ে তার সমাজের অলিখিত সংবিধান বা সামাজিক চুক্তির মূল্য কিছুমাত্র কম নয়। বলতে গেলে বেশিই। সমাজের সংবিধান কী? হ্যাঁ, সেই সংবিধান জাপানিদের আছে, চীনাদের আছে, কোরীয়দের আছে—আরও অনেক জাতির আছে। তাহলে কি সেসব দেশে অপরাধ নেই? হ্যাঁ, তাও আছে। নেই সর্বৈব অনাচার।মুসলমানপ্রধান পূর্ব বাংলার মানুষের সামাজিক সংবিধান নেই বলেই এখানে অমুসলমান সংখ্যালঘুদের জমিজমা বেদখল হয়। টেন্ডারের বাক্সগুলো জাদুর বাক্সের মতো অলৌকিকভাবে উধাও হয়ে যায়। অদৃশ্য জায়গায় বসে টেন্ডার ম্যানেজ করা হয়। সামাজিক সংবিধানের অভাবে আর যা হচ্ছে তা হলো, ষোলো মাসে প্রায় তিন হাজার মারামারির ঘটনা ঘটে—অধিকাংশই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। শুধু সহপাঠীর হাতে সহপাঠী মার খায় না, ছাত্র পেটায় শিক্ষককে। পাকিস্তানি আর্মির চেয়েও শক্তিশালী সরকারি দলের নওজওয়ান ও বখাটেরা, তাই কোনো বিদেশি শক্তির সাহায্য ছাড়া তাদের দমন করা সম্ভব নয়।সমাজের সংবিধান না থাকায় মাননীয় মন্ত্রী-এমপির হাতে অথবা তাঁদের মানুষের হাতে মার খান বিমানবন্দর কর্মকর্তা, ঈশ্বরদীর স্টেশনমাস্টার ও ফেরিঘাটের কর্মচারীরা। যে হাতে তাঁরা ভোট দিয়েছেন, সেই হাতটি পিটিয়ে ভাঙা হয়। যে মুখ দিয়ে অমুক ভাইয়ের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে নির্বাচনের সময়, সেই মুখেই পড়ে চড়-থাপ্পড়। উপজেলার নতুন ‘মালিকের’ হাতে কর্মকর্তা কিলঘুষি খান। চড়-থাপ্পড়-ঘুষি এমন জিনিস, সহোদর বড়ভাই দিলে যেমন লাগে, মাননীয়রা অথবা মালিকেরা দিলে তার চেয়ে একটু বেশি লাগে। ঘরের দরজা বন্ধ করে পেটালে একটু কম খারাপ লাগে, প্রকাশ্যে লোকজনের মধ্যে পেটালে খারাপটা বেশি লাগে।নির্বাচনী জনসভায় মাননীয় বলেননি যে তাঁর জন্য বিমান দেরি না করলে তিনি বিমানবন্দরের কর্মকর্তাদের পেটাবেন। কোনো মাননীয় বলেননি, নিয়ম ভঙ্গ করে তাঁর গাড়িকে আগে ফেরিতে উঠতে না দিলে তিনি ফেরিঘাটের লোকদের হাড্ডি গুঁড়া করবেন। কোনো মাননীয় ২০০৮-এর ডিসেম্বরে জনগণের কাছে এমন ওয়াদা করেননি যে বিলাসবহুল এসি বগী থাক বা না থাক, তাঁকে দিতেই হবে, না দিতে পারলে তাঁর সহকর্মীদের সামনে স্টেশনমাস্টারকে অশ্রাব্য গালাগাল শুধু নয়, চড়-থাপ্পড় মারবেন।সামাজিক চুক্তি ও নৈতিক সংবিধান না থাকায় আজ যার যা খুশি তা-ই করতে পারে, তবে স্টেশনমাস্টারকে আমি মারলে আমার হাতে দড়ি পড়ত। মাননীয়ের চুলটিও স্পর্শ করে এমন সাধ্যি নেই কোনো দারোগা-ম্যাজিস্ট্রেট বা আদালতের। সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ ছাড়া পেয়ে সদম্ভে কথা বলে। অপরাধী ও দুর্নীতিবাজকে কেউ সামাজিকভাবে বয়কট তো নয়ই, গোপনে ঘৃণাও করে না।বাংলাদেশের উন্নয়ন আর দুর্নীতি সমার্থক। দুর্নীতিই আমাদের জাতির মেরুদণ্ড। যেদিন ঘুষ-দুর্নীতি থাকবে না তার পরদিন ঢাকার রাস্তায় গাড়ি কমে যাবে পনেরো আনা, সুপারমার্কেটগুলোয় ভিড় হবে না, ডিপার্টমেন্ট স্টোরগুলোর কর্মচারীরা ক্রেতার অভাবে ঘুমিয়ে পড়বে, এত অ্যাপার্টমেন্ট নির্মাণ করার প্রয়োজন হবে না, অভিজাত এলাকার রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাবে, কোরবানির হাটে ভিড় হবে না, জমির দাম কমবে, বকরি ঈদের আগে ডিপফ্রিজ বিক্রি হবে না, বহু ট্রাভেল এজেন্সি উঠে যাবে। অর্থাৎ, দুর্নীতি না থাকলে আমরা নিঃস্ব ও রিক্ত হয়ে যাব।আরম্ভেই বলেছি, বর্তমানকালের শাসকদের দোষ দেব না। তাঁদের আগের শাসকেরাই ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। লক্ষ্মণ সেন, বিজয় সেন শুধু রাজস্বই আদায় করেছেন। বখতিয়ার খিলজির ছিল কয়েকটি ঘোড়া ও তীক্ষ তলোয়ার—কোনো নীতিকথার শিক্ষা তিনি সঙ্গে নিয়ে আসেননি।ধারণা করি, বাংলার মধ্যযুগের শাসকদের চরিত্র আশির দশকের রাষ্ট্রপ্রধান অথবা এখনকার ইভ টিজারদের চেয়ে উন্নত ছিল না। হিন্দু-মুসলমানের সমন্বয়ী সংস্কৃতিতে বিশ্বাসী অসাম্প্রদায়িক হোসেইন শাহি শাসকদের জ্ঞানচর্চা ও নৈতিকতায় আগ্রহ ছিল বলে চার দশকের বেশি ক্ষমতা ধরে রাখতে পারেননি। আলিবর্দী খাঁরা খাজনা আদায়ে দক্ষ ছিলেন। অবৈধ ইংরেজ শাসকেরা দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করলেও বাঙালির নৈতিক অধঃপতন ঘটাতে ভূমিকা রেখেছেন। ঘুষ জিনিসটি তারা আসার আগে ছিল না।কোনো স্থাপনা নির্মাণের কথা শুনলে শাসক, আমলা ও ক্যাডাররা দরগায় শিরনি দেন। যে পৃথিবীতে বিশ্বব্যাংক আছে, এশীয় উন্নয়ন ব্যাংক আছে সেখানে অবকাঠামোর উন্নতি কোনো সমস্যাই নয়। কিন্তু জাতির অন্তরকাঠামোর উন্নতি ও চরিত্র শুদ্ধির জন্য দাতাকর্ণদের কোনো ফান্ড নেই। ঘনবসতিপূর্ণ জনপদ ও উর্বর শস্যের মাঠ ধ্বংস করে নিষ্প্রয়োজনে একটি শার্ল দ্য গল বিমানবন্দর বানানো যাবে, পদ্মার ওপর গোটা কয়েক বহুতলবিশিষ্ট সেতুও বানানো সম্ভব। কিন্তু মানুষের চরিত্র ও নৈতিক কাঠামোর বদল না হলে সবই যে গরল ভেল।বেগম খালেদা জিয়া বলছেন, সরকারের পতন ঘটাবেন। কী লাভ তাতে? তিনি নিজে তাতে স্যাডিস্টিক সুখ পাবেন। হয়তো ক্ষমতাও ফিরে পাবেন, তাতে দেশের লাভ নেই। কারণ, রয়ে গেছে জাতির গোড়াতেই গলদ।সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।