রাজধানীতে ১১ মাস আগে কর্তব্যে নিয়োজিত থাকা অবস্থায় সন্ত্রাসীদের হাতে নিহত হন পুলিশ কর্মকর্তা গৌতম কুমার রায়। কিন্তু এই দীর্ঘ সময়েও তদন্তকারী কর্মকর্তারা তদন্তকাজ শেষ করতে পারেননি। বরং নকল ও আসল আসামি নিয়ে পুলিশ ও র্যাবের মধ্যে রশি টানাটানি চলছে। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে র্যাব যে জাকির ও হায়দারকে ধরেছে, পুলিশ বলেছে, তাঁরা প্রকৃত আসামি নন। পুলিশ একই নামের অপর দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এখন প্রশ্ন হলো, পুলিশ কর্মকর্তা হত্যার প্রকৃত আসামি কে বা কারা? পুলিশের দাবি সত্য মেনে নিলে র্যাবের হাতে আটক দুই আসামি নকল; আবার র্যাবের বক্তব্য ঠিক হলে পুলিশের হাতে আটক আসামিরা নির্দোষ। এ ধরনের অদ্ভুত ও অস্বাভাবিক পরিস্থিতি পুরো মামলাটিকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, সন্দেহ নেই। অপরাধী পাকড়াও করতে গিয়ে যে পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীদের হাতে জীবন দিয়েছেন, তাঁকে আমরা ফিরিয়ে আনতে পারব না। কিন্তু পুলিশ কর্মকর্তার পরিবার ও স্বজনদের কি হত্যার বিচার পাওয়ারও অধিকার নেই? যদি থাকে, তাহলে মামলাটি নিয়ে দুই সংস্থার এই রশি টানাটানি বন্ধ করতে হবে। কে কোন আসামিকে পাকড়াও করেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেই আসামি প্রকৃত অপরাধী কি না। অপরাধী না হলে তাঁদের মাসের পর মাস আটক রাখা বেআইনি। পুলিশ কর্মকর্তাকে হত্যায় ব্যবহূত অস্ত্রটি জব্দ করার পরও আসামি শনাক্ত না করতে পারা দুর্ভাগ্যজনক। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একজন পুলিশ কর্মকর্তার হত্যাকারীকে দীর্ঘ ১১ মাসেও শনাক্ত করতে ব্যর্থ হয়, তাহলে তারা অন্যান্য হত্যার আসামিদের শনাক্ত করবে কীভাবে? এ ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন না উঠে পারে না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবিলম্বে আসামি শনাক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে গৌতম কুমার রায় হত্যার বিচারের পথ উন্মুক্ত করবেন আশা করি।