গ্যাস বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার রাজধানীর কলাবাগানের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের সাতজনের দগ্ধ হওয়ার ঘটনাটি বিচ্ছিন্ন একটি দুর্ঘটনা হলেও এ রকম দুর্ঘটনা যে ঘটতে পারে, সেটাও একটা উদ্বেগের বিষয়। এ দেশের বাসাবাড়িতে প্রাকৃতিক জ্বালানি গ্যাস ব্যবহারে দুর্ঘটনার ঝুঁকি সাধারণত আমলে নেওয়া হয় না। যখন কোথাও কোনো দুর্ঘটনায় মানুষ হতাহত হয়, কেবল তখনই এ নিয়ে কথা ওঠে।
কলাবাগানের দুর্ঘটনাটির ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে ওই এলাকায় মাটি কেটে পয়োনিষ্কাশন নালার কাজ করার সময় ভূগর্ভস্থ গ্যাসলাইনের কোথাও ছিদ্র হয়েছে এবং সে ছিদ্রপথে গ্যাস নির্গত হয়ে ওই বাসাটি গ্যাসে ভরে গিয়েছিল। এই অবস্থায় শনিবার সকালে বাসার বাসিন্দাদের কেউ গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণটি ঘটে। কিন্তু বাসাটির বাসিন্দারা বলছেন, তাঁরা কেউ চুলায় আগুন ধরাতে যাননি, বরং বিকট শব্দে বিস্ফোরণের শব্দেই তাঁদের ঘুম ভাঙে। অর্থাৎ বিষয়টির আরও তদন্ত করার প্রয়োজন রয়েছে; ঠিক কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
গ্যাস বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধঅতীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। রান্নাঘরে গ্যাসের চুলা থেকে গ্যাস নির্গত হয়ে রান্নাঘর ভরে থাকা, এবং সেই অবস্থায় চুলা ধরাতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারানোর ঘটনাও বিরল নয়। পর্যাপ্ত সতর্কতার অভাব, গ্যাসের চুলার কারিগরি ত্রুটি, বাসাবাড়ির গ্যাসলাইনে যথাযথ প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার না করা ইত্যাদি কারণে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বিদ্যমান ব্যবস্থার মধ্যেই রয়েছে। এ ছাড়া অবৈধ গ্যাস–সংযোগ দেওয়ার সময় পেশাদারির সঙ্গে প্রযুক্তি স্থাপনের পরিবর্তে অনভিজ্ঞ মিস্ত্রিদের দিয়ে তা করানোর ফলেও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়। ভূগর্ভস্থ বিভিন্ন সেবা ব্যবস্থার অবকাঠামোগত কাজ করার সময় গ্যাস পাইপলাইনের সুরক্ষার কথাটি ভাবা হয় না এবং এটা অত্যন্ত বিপজ্জনক। জ্বালানি গ্যাস অতিমাত্রায় দাহ্য পদার্থ, এর সরবরাহব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।