গ্যাস-সংযোগ নিরাপদ রাখার ব্যর্থতার শাস্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহেলার কারণে আবাসিক স্থাপনাও যে গণবিধ্বংসী হয়ে উঠতে পারে, বনানীর গ্যাস বিস্ফোরণ তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। স্পষ্টতই তিতাস গ্যাস কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ গ্যাস লাইন মেরামত না করার জন্য দায়ী। এ ধরনের পরিস্থিতি এড়ানোয় এখন প্রয়োজন গ্যাস-সংযোগের আগাপাছতলা পরীক্ষণ ও সংস্কার।
গ্যাস সরবরাহ লাইনে ফুটো হওয়ার অভিযোগ তিতাসকে বারবার জানানোর পরও তারা গা করেনি। শ্রমিক না পাওয়ার অজুহাত দিয়ে বিপজ্জনক পরিস্থিতিতেও নিষ্ক্রিয় থাকা অবশ্যই অপরাধ। এই সজ্ঞান উপেক্ষার ফল ছয়তলা ভবনে বিরাট বিস্ফোরণ। ভবনের ভয়াবহ ক্ষতি হলেও সৌভাগ্যবশত ৫০ জন বাসিন্দার সবাই প্রাণে বেঁচে গেছেন। গত ২৬ ফেব্রুয়ারি উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনা থেকেও কারও টনক না নড়া বিস্ময়কর। পরিস্থিতি পর্যবেক্ষণে যেসব সন্দেহ করা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কাজে রাস্তার গ্যাস সরবরাহ পাইপের ফুটো থেকে নিঃসরিত গ্যাস ভবনে ঢুকে পড়ায় এ বিস্ফোরণ ঘটেছে। এখন তিতাস গ্যাস ও ঢাকা উত্তর সিটি করপোরেশন পরস্পরকে দোষারোপ করলেও দায় উভয় প্রতিষ্ঠানেরই।
বেসরকারি হিসাবে গত আট মাসে গ্যাস দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যুর কথা এসেছে। ঢাকায় প্রায় ১৫ লাখ গ্যাস-সংযোগ থেকে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষতি হচ্ছে। অথচ গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ও দুটি সিটি করপোরেশনের দায়িত্ব ছিল সমন্বয়ের মাধ্যমে এই সংযোগগুলোকে নিরাপদ রাখা। তাদেরই দায়িত্ব বাসাবাড়িতে অসাবধানতা এড়ানোয় গণসচেতনতা সৃষ্টিতে কাজ করা। কিন্তু আর সব ক্ষেত্রের মতো এ ব্যাপারেও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা প্রকট।
জনগণ অর্থের বিনিময়েই সেবা কিনে থাকেন। নাগরিক হিসেবে তো বটেই, ক্রেতা হিসেবেও বিনিময়ে যত্ন ও দায়িত্বশীলতা তাঁরা আশা করেন। কিন্তু নাগরিক সেবা প্রতিষ্ঠানগুলো সেবার মান বজায় রাখা এবং সেবা অবকাঠামো পরিচালনায় যারপরনাই ব্যর্থ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বনানীর ঘটনার দায় চিহ্নিত করে জবাবদিহি ও শাস্তি নিশ্চিত করা হোক।