গ্যাস সিলিন্ডার বিক্রির ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদিদোকানেও যখন গ্যাস সিলিন্ডার বিক্রি হয়, তখন বিস্ফোরণের ভয় জীবনের পাশ ঘেঁষেই দাঁড়িয়ে থাকে। ঢাকাসহ দেশের অনেক শহর ও মফস্বল শহরে রান্নার জ্বালানি হিসেবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা ছড়িয়ে গেছে। চাহিদা থাকায় বাজার বড় হলেও দায়িত্ববোধ বাড়েনি ক্রেতা-বিক্রেতা এবং কোম্পানি ও প্রশাসনের। এ বিষয়ে সরকারি নীতিমালা অধিকাংশ ক্ষেত্রেই যে মানা হচ্ছে না, তা বোঝা যায় প্রথম আলোর শনিবারের একটি সংবাদে। মুন্সিগঞ্জে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কোনো রকম সাবধানতা না মেনেই।

গ্যাস সিলিন্ডার বাজারের আরেকটি পণ্য বটে, কিন্তু এ পণ্য অসাবধানে, সিলিন্ডারের ত্রুটির কারণে কিংবা হঠাৎ ঘটা দুর্ঘটনায় গণবিধ্বংসী বোমার মতো ভয়ানক হয়ে যেতে পারে। দোকান বা মজুত রাখার ঘরের পাকা মেঝে থাকা, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার, আগুন নেভানোর ব্যবস্থা ইত্যাদি থাকতে হবে। এসব শর্ত পূরণ হলেই কেবল কেউ গ্যাস সিলিন্ডার বিক্রির নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হবেন। অথচ দেখা যায়, মামুলি ট্রেড লাইসেন্স হাতে নিয়েই দেদার এ জিনিস বিক্রি করা হচ্ছে। অথচ গ্যাস সিলিন্ডার বিক্রি, দোকানে সংরক্ষণ এবং পরিবহনের জন্য সরকারিভাবে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। বিষয়টা তদারক করার জন্য বিস্ফোরক দপ্তরও রয়েছে জেলায় জেলায়।

প্রথম আলোর সংবাদে দেখা যায়, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক বিষয়টি কেবল তাঁদের নজরে এসেছে বলে জানিয়েছেন। অথচ প্রশাসনের কাজ এসব বিষয়ে নিয়মিতভাবে নজরদারি করে যেতে থাকা। কোম্পানিগুলোকেও অননুমোদিত বিক্রেতার কাছে গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ করাতে হবে। সাংবাদিকের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের পর যেনতেন ব্যাখ্যা দেওয়া কোনো ধরনের দায়িত্বশীলতার পরিচায়ক নয়। ভ্রাম্যমাণ আদালত বলে যে কার্যক্রমটা রয়েছে, তাঁরাই বা কী করছেন। শুধু কি গ্যাস সিলিন্ডার? যে কেউ দোকান থেকে পানির বোতলে ভরে পেট্রল-ডিজেল নিয়ে যেতে পারেন। অ্যাসিড–সন্ত্রাসের প্রকোপে একসময় যত্রতত্র অ্যাসিড বিক্রি বন্ধ করা গেলেও গ্যাস সিলিন্ডারের সমস্যার দিকে এখনো কর্তৃপক্ষের নজর পড়েনি। অথচ দুর্ঘটনার পর বলা হয় ‘কর্তৃপক্ষ দায়ী নয়’।

গণমাধ্যমে এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করাও দরকার। মানুষের দায়িত্ব রয়েছে নিজের গরজে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার কেনাবেচা এড়িয়ে চলা। এমনকি শুধু জনপ্রতিনিধিরাও যদি সজাগ থাকেন, তাহলেও অনেক কাজ হয়। সে কারণে টনক নড়ে কোনো বস্তু যদি আমাদের বহু রকমের কর্তৃপক্ষের থেকে থাকে, তা প্রাণহানিকর দুর্ঘটনার আগেই নড়ে ওঠা উচিত। না হলে এ ধরনের কোনো সিলিন্ডারের দোকান বা গুদাম নিমেষেই গণবিধ্বংসী বিস্ফোরণ ঘটিয়ে অপূরণীয় ক্ষতি করে ফেলতে পারে।