গ্যাসক্ষেত্রের উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়ানোকে সরকার সর্বাধিক অগ্রাধিকার দিলেও স্থানীয় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা ভুঁইফোড় সংগঠনগুলো সেই কাজের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সমস্যাটি এতই প্রকট যে গ্যাসক্ষেত্রটির পরিচালনা প্রতিষ্ঠান শেভরনকে প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনের কাছে ধরনা দিতে হয়েছে।
বিদেশি এই গ্যাস উত্তোলন প্রতিষ্ঠানটি কাজ করে থাকে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। কূপ খনন, যন্ত্রপাতি সরবরাহ ও প্রসেস প্লান্ট স্থাপনের কাজ করার জন্য তারা বিভিন্ন ঠিকাদারি ও কারিগরি প্রতিষ্ঠানকে নিয়োগ করে থাকে। গ্যাস উত্তোলন এলাকায় হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনগুলো একদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে, অন্যদিকে তাদের সদস্যদের চাকরি দেওয়ার জন্য চাপ দিচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানে আনাড়ি লোক নিয়োগের সুযোগ নেই।
বিবিয়ানায় বর্তমানে ১১টির মধ্যে চারটি কূপের কাজ শেষ হয়েছে, যা থেকে দৈনিক ৮৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলিত হয়ে থাকে। আগামী ডিসেম্বর নাগাদ ১২০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে গ্যাস উত্তোলন বাড়ানোর কাজ শুরুর সময় এলাকায় দুটি সংগঠন থাকলেও এখন সেখানে ৩৫টি সংগঠন গড়ে উঠেছে। এর সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলটির স্থানীয় নেতা-কর্মীরাই জড়িত। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ ধরনের অপকর্মে যুক্ত থাকলে স্থানীয় প্রশাসন অনেক সময়ই নিরুপায়। তা সত্ত্বেও শেভরনের আহ্বানে হবিগঞ্জ জেলা প্রশাসন স্থানীয় জনগণের সঙ্গে বৈঠক করে চাঁদাবাজি ঠেকানোর যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানাই। তবে এও সত্য যে বৈঠক করলেই কাজের নির্বিঘ্ন পরিবেশ ফিরে আসবে না। চাঁদাবাজ ও বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উপজেলা চেয়ারম্যান এর সঙ্গে সরকারবিরোধী লোক আছেন কি না, খতিয়ে দেখার কথা বলেছেন, তা প্রশাসনে ভুল বার্তা দিতে পারে। দল–মতনির্বিশেষে সবার জন্য সমভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।