সাধারণ নির্বাচন সামনে রেখে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা চূড়ান্ত বিচারে কতটা জনস্বার্থ রক্ষা করবে, সেটি প্রশ্নসাপেক্ষ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান গ্যাসের দাম না বাড়ানোর কারণ যা দেখিয়েছেন, তাতে স্বচ্ছতা ও জবাবদিহি রক্ষিত হয়েছে বলা যাবে না। গ্যাস খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দীর্ঘকাল ধরে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং বিশেষজ্ঞদের সঙ্গে সুর মিলিয়ে আমরা বহু বছর ধরে বলে আসছি যে এই খাতের অব্যাহত পুকুরচুরি বন্ধ না করা অন্যায়।
সম্প্রতি সরকারের দায়িত্বশীল সংস্থা এবং প্রথম আলোর সমন্বিত অনুসন্ধানের ভিত্তিতে ‘কেজি মেপে’(এক কেজি মানে এক লাখ টাকা মানের অবৈধ অর্থ) গ্যাস খাতের লুটপাটের একটি খবর বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ রকম হাতেনাতে ধরিয়ে দেওয়ার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নমনীয় আচরণ আমাদের উদ্বিগ্ন না করে পারে না। প্রথমে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। পরে কয়েকজনকে সাময়িক বরখাস্ত ও বদলি করেই দায়িত্ব শেষ করেছে।
এখন ভোটের আগে জানান দেওয়া হচ্ছে যে গ্যাসের উৎপাদন, এলএনজি আমদানি, সঞ্চালন ও বিতরণ ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ‘সার্বিক বিষয় বিবেচনা’ করে ভোক্তাপর্যায়ে বিদ্যমান দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তাদের কাছে আগে এটা নিশ্চিত করা হোক যে ‘কেজি মেপে’ এতকাল যে বল্গাহীন লুটপাট চলছে, তার রাশ টানা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্কের সমীকরণে বিশেষজ্ঞদের যে উদ্বেগ তা প্রশমিত করা হয়েছে। ব্যবস্থাপনাগত উন্নয়ন, সম্পূরক শুল্ক ও মূসকের হার যৌক্তিকীকরণ, অপচয় রোধ এবং দুর্নীতির লাগাম টানা হলে তা ভর্তুকির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে। সুতরাং বেশি ভর্তুকি মানেই জনগণের বেশি সাশ্রয় নয়, বরং বেশি অব্যবস্থাপনা ও দুর্নীতিই ভর্তুকির পাল্লা ভারী করে। দুর্নীতির অশুভ চক্র ভাঙতে না পারলে গ্যাস খাতের উন্নয়ন ও জনগণের সাশ্রয় কোনোটিই আশা করা যায় না। সরকার গ্যাস খাতে ভর্তুকি দিলে তার দায় শেষ পর্যন্ত জনগণের ওপরই এসে পড়ে।
ভোটের আগে দাম বাড়ানো হবে না, তার মানে সুপ্ত বাসনা হলো এটা ভোটের পরে বাড়ানো হবে। সংবাদ সম্মেলনে তথ্য দেওয়া হয়েছে, ‘চলতি অর্থবছরের শেষের দিকে ১০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি হতে পারে। তখন বিতরণ কোম্পানিগুলো প্রয়োজন মনে করলে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিলে আমরা বিবেচনা করব।’ এর অর্থ হলো ভোটের পর পুরোটা উশুল করে নেওয়া হতে পারে। নির্বাচন কমিশন সত্যিকার অর্থে স্বাধীন থাকলে তারা হয়তো হুঁশিয়ার করে দিত যে এটা অসদুপায় অবলম্বনের শামিল। রাষ্ট্রযন্ত্রকে এভাবে ভোটের রাজনীতিতে ব্যবহার করা আচরণবিধির গুরুতর ব্যত্যয়। অতএব, গ্যাস খাতে ভোটের রাজনীতি বিযুক্ত পরিকল্পনা দরকার।