গ্যাসের দাম বাড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে রাখতে হবে এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন হবে না। প্রতীয়মান হচ্ছে যে এবারের দাম বাড়ানোর সিদ্ধান্তের তাৎক্ষণিক, মধ্যম মেয়াদি ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে দেশের বস্ত্র খাতে, সামগ্রিকভাবে রপ্তানিমুখী পোশাকশিল্পে। তাই বাংলাদেশের এ শিল্পের কোনো বিপর্যয়ে প্রতিবেশী দেশের লাভবান হওয়ার অনুমান ভিত্তিহীন নয়। ভারত গত অক্টোবরে গ্যাসের দাম ১৮ শতাংশ হ্রাস করেছিল। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা গোল্ডম্যান স্যাক্স বলেছে, ভারতের শিল্পোদ্যোক্তারা চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার চেয়ে কম দামে গ্যাস ব্যবহার করতে পারছেন।

এদিকে বিশ্ববাজারের তুলার দাম ১৫ শতাংশ বাড়ার পর জানা গেল, তুলা উৎপাদন হ্রাস পাওয়ার ফলে ভারত তুলার দাম বাড়াবে। বাংলাদেশ তার চাহিদার প্রায় ৭০ শতাংশ তুলা ভারত থেকেই আমদানি করে থাকে। সুতরাং বস্ত্র খাতে একটা ভীতির সঞ্চার হয়েছে। গ্যাসের দাম বাড়ালে আমরা পোশাকের রপ্তানি খাতেই মার খাব না, হয়তো স্থানীয় বাজারও বিদেশি বস্ত্রে সয়লাব হতে দেখব।

 সরকার অর্থনৈতিক উন্নয়নে যে সাফল্য ধারাবাহিকভাবে বজায় রাখতে পারছে, সেখানে বস্ত্র খাতের অবদানই বেশি। আর সস্তা শ্রম ও জ্বালানি খরচ কম বলেই অনেক দেশকে হটিয়ে বাংলাদেশ বিশ্ববাজারে নিজের শক্ত অবস্থান ধরে রাখতে পারছে।

সুতরাং গ্যাসের দাম বাড়াতে গিয়ে বস্ত্র খাতের স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলার ঝুঁকি নেওয়া যাবে না। গ্যাসশূন্য দক্ষিণ কোরিয়ার শিল্পোন্নত হওয়ার বাস্তবতা বাংলাদেশে নেই। জ্বালানির বিকল্প তৈরির রাজস্ব হিস্যা নিশ্চয় ব্যবসায়ীদের বহন করতে হবে। কিন্তু তাই বলে ‘পানির দামের’র গ্যাস আকাশচুম্বী করার আত্মঘাতী কৌশল কাম্য নয়।