গ্রামবাসীই বানালেন রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

দেশজুড়ে এখন উন্নয়নের ডামাডোল। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল—সবখানে উন্নয়নের জয়জয়কার। কোটি কোটি টাকার প্রকল্প, সড়ক-কালভার্ট-সেতুসহ নানা অবকাঠামো নির্মাণ নিয়ে অনিয়মেরও শেষ নেই। এমন অবস্থায় একটা গ্রামের মানুষ তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলেন, কবে সেখানে একটি রাস্তা হবে। দিনের পর দিন সরকারের নানা সংস্থার কাছে ধরনা দিয়ে ব্যর্থ হয়ে শেষমেশ নিজেরাই সেই দায়িত্ব তুলে নিলেন। বানিয়ে ফেললেন আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের হাওরবেষ্টিত একটি ইউনিয়নে এ রাস্তা উদ্বোধনও করা হয়েছে রীতিমতো আনন্দ–উৎসবের মাধ্যমে। বলতে হবে, স্থানীয় প্রশাসনের জন্য রীতিমতো এক লজ্জার ঘটনা এটি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড় একটা অংশ বর্ষাকালে তিন মাস নিমজ্জিত থাকে। সেখানকার পরমানন্দপুর, ষাটবাড়িয়া ও হরিপুর গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা তখন নৌকা। শুকনা মৌসুমে আবার হাঁটা ছাড়া কোনো উপায় থাকে না। কারণ, পাশাপাশি তিন গ্রামে কোনো রাস্তা নেই। কয়েক যুগ ধরে চলাচলে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছিল সেখানকার মানুষকে। রাজনৈতিক নেতাদের সদিচ্ছা কিংবা সরকারের সুদৃষ্টি, কোনোটিই পড়েনি এ তিন গ্রামের ওপর। শুষ্ক মৌসুমে কোনো রোগীকে হাসপাতালে নিতে চরম অসুবিধায় পড়তে হতো। নানা গুরুত্বপূর্ণ কাজে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে সমস্যা হতো। ফলে গ্রামবাসী নিজেরাই নেমে গেলেন কোমর বেঁধে। হাওরের বুক চিরে বানিয়ে ফেললেন দীর্ঘ সড়ক।

গত রোববার রাস্তাটির উদ্বোধন হয়। এ উপলক্ষে রাস্তাটিকে সাজানো হয়। নতুন রাস্তার উদ্বোধন নিয়ে গ্রামবাসীর আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না। গ্রামবাসী জানান, বাধ্য হয়েই পরমানন্দপুর ও ষাটবাড়িয়া গ্রামের মধ্যকার হাওরে মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। প্রথমে ওই দুই গ্রামের ৪৭ কৃষক তাঁদের জমির একাংশ দান করেন রাস্তার জন্য। এরপর গ্রামবাসী মাটি ভরাটের জন্য আট লাখ টাকা চাঁদা তোলেন। তাঁরা জানান, ১৫ দিনে খননযন্ত্রের পাশাপাশি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিন মিটার প্রস্থের রাস্তাটি নির্মাণ করেন।

এ বিষয়ে সরাইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বলছেন, এ ধরনের ডুবোরাস্তা করার পরিকল্পনা তাঁদেরও রয়েছে। তঁারা এখনো পরিকল্পনা নিয়ে পড়ে থাকলেও পাকশিমুল ইউনিয়নের মানুষ কিন্তু এগিয়ে গেছে। নিজেরাই রাস্তা বানিয়ে দেখিয়ে দিলেন প্রশাসনের ব্যর্থতা। সেসব গ্রামবাসীর প্রতি আমাদের অভিবাদন।