ইন্দিরা গান্ধীর ঘাতক সৎবন্ত সিংহকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় আদালত বলেছিলেন, ‘রক্ষক ভক্ষক হয়ে হত্যা করলে মৃত্যুদণ্ডই উপযুক্ত।’ ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যাবে দেশের জনগণের স্বার্থ ও ভালোমন্দ দেখাশোনা তথা অধিকারের ‘রক্ষক’ জনপ্রতিনিধিদের মধ্যে যাঁরা ‘ভক্ষক’ হিসেবে আত্মপ্রকাশ করেন, নৈতিকভাবে সৎবন্ত সিংহের সঙ্গে তাঁদের খুব একটা তফাৎ নেই। জনগণের আমানতকে তাঁরা নিয়ত কুক্ষিগত করেন। ক্ষমতা ও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যান।
জনপ্রতিনিধিত্বের দায় ভুলে নীতিভ্রষ্ট অনেক জনপ্রতিনিধি গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোর অর্থ নয়ছয় করেন—এ কথা নতুন কিছু নয়। কিন্তু গ্রামবাসীর নিজেদের তোলা চাঁদার টাকায় বানানো রাস্তাকে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প দেখিয়ে বিল তুলে খাওয়ার মতো কদর্য ও কুৎসিত কাজও যে ঘটানো সম্ভব, তা নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি দেখিয়ে দিয়েছেন।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, ১৭ এপ্রিল উপজেলায় অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। কাজ শেষের মেয়াদ ছিল ৯ জুন। উপজেলায় ৪৮টি প্রকল্পের একটি প্রকল্প ছিল ‘নওয়াগ্রাম খাজা মোল্লার বাড়ি হতে বিল অভিমুখী রাস্তা মাটি দ্বারা উন্নয়ন’। এর জন্য বরাদ্দ ছিল দুই লাখ টাকা। প্রকল্পের সভাপতি ছিলেন সেলিম মোল্লা নামের একজন ইউপি সদস্য।
পরে দেখা গেল নওয়াগ্রামের রাস্তাটি আগেই গ্রামবাসী নিজেদের অর্থে নির্মাণ করেছেন। কিন্তু সেখানে প্রকল্পের কাজ না করেই দুই লাখ টাকার বিল দাখিল করেছিলেন প্রকল্প সভাপতি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ভাষ্যমতে, প্রকল্প সভাপতি এক লাখ টাকা তুলেও নিয়েছেন। গ্রামের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অর্থ আত্মসাতের অভিযোগ করলে প্রকল্প সভাপতির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়। গ্রামের মানুষের টাকায় নির্মিত রাস্তাটি সরকারি প্রকল্প দেখানোর পেছনে ইউপি চেয়ারম্যান, প্রকল্প সুপারভাইজার ও পিআইওর সম্মিলিত যোগসাজশ আছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।
অভিযোগ গুরুতর। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিতও হয়েছে। লোপাট হওয়া এ অর্থের পরিমাণ আপাতদৃষ্টে অনেকের কাছে পরিমাণে উপেক্ষাযোগ্য মনে হতেও পারে। কিন্তু এ ঘটনাকে নৈতিকতার মাপকাঠিতে বিচার করলে এর গুরুত্বের গভীরতা বোঝা যাবে। এ অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে নিঃসন্দেহে বলা যাবে, অভিযুক্তরা প্রকারান্তরে রক্ষকরূপী ভক্ষক। তাঁরা মানুষের বিশ্বাস ও আমানতের হত্যাকারী। এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া জরুরি।