গ্রামীণ ব্যাংক নিয়ে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় বিশ্বজোড়া সুখ্যাতি অর্জনকারী গ্রামীণ ব্যাংক থেকে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার পর থেকে সরকার ব্যাংকটি নিয়ে বেকায়দায় পড়েছে, যার জন্য সে নিজেই সর্বতোভাবে দায়ী। সরকার তিন বছরেও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে পারেনি। চেয়ারম্যান পদে একজনকে নিয়োগ দিয়েছিল; বছর খানেক আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু পদটি গ্রহণে আর কেউ রাজি হননি বলে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। অর্থাৎ গ্রামীণ ব্যাংক চলছে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই।
তারপর, ব্যাংকটির পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যে বিধিমালা জারি করেছে, সেটাও বাস্তবায়িত হয়নি। বস্তুত এই বিধিমালা বাস্তবায়নযোগ্য নয়। এতে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে; কিন্তু এ ধরনের কাজ কেন্দ্রীয় ব্যাংকের নয়। গভর্নর আতিউর রহমান সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
তাহলে সরকার এখন গ্রামীণ ব্যাংককে নিয়ে কী করবে?
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মেলেনি। তিনি বলেন, বিধিমালা পরিবর্তন করে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। কিন্তু কাকে দেওয়া হবে, তা তিনি বলেননি।
এভাবে তো চলতে পারে না। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদ নির্বাচন করা জরুরি। সরকারের ইতিমধ্যে উপলব্ধি করা উচিত যে এই বিশেষায়িত ব্যাংকটির ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করা ঠিক হয়নি। সৃষ্টির পর থেকে তিন বছর আগ পর্যন্ত ব্যাংকটি যেভাবে চলে এসেছে, সেভাবে তাকে চলতে দেওয়াই সমীচীন ছিল। কারণ, গ্রামীণ ব্যাংক তার স্বতন্ত্র ব্যবস্থাপনা ও কর্মপদ্ধতির মধ্য দিয়ে ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।
এখন সরকারের উচিত, গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সব ধরনের হস্তক্ষেপ তুলে নেওয়া, ব্যাংকটিকে নিজের মতো চলতে দেওয়া।