গ্রাহক পর্যায়ে দাম কমানোর ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের ব্যান্ডউইটথের দাম কমানোর ঘোষণা এল, কিন্তু গ্রাহক পর্যায়ে যে এর সুফল মিলবে না বলে সংশ্লিষ্ট মহল থেকে জানানো হয়েছে। কারণ, যে ধাপে ও যে শর্তে দাম কমানো হয়েছে, তা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার ওপর প্রভাব ফেলবে না। তা ছাড়া, ইন্টারনেট সেবা গ্রাহক পর্যায়ে আসতে যে পর্যায়গুলো রয়েছে, সেখানে খরচ কমানোর পদক্ষেপ না নিলে ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে না।
১ এমবিপিএস ব্যান্ডউইটথের দাম ১ হাজার ৬৮ টাকা থেকে কমিয়ে ৬১৮ টাকা করা হয়েছে। দাম কমেছে ৪০ শতাংশের বেশি। কিন্তু এই দামে ব্যান্ডউইট্থ কিনতে হলে ১০ জিবিএস ব্যান্ডউইট্থ কিনতে হবে। এই পরিমাণ চাহিদা কোনো ইন্টারনেট সংযোগদাতারই নেই। ফলে দাম কমানোর সুযোগ তারা নিতে পারবে না এবং বেশি দাম দিয়েই পরের ধাপের ব্যান্ডউইট্থ কিনতে হবে। ফলে দাম কমানোর বিষয়টি কার্যত অর্থহীন।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছেন, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের খরচ এখনই কমছে না। তবে তিনি আশা করেছেন এই মূল্যহ্রাসের ফলে ইন্টারনেটের গতি ও সেবার মান বাড়বে। ইন্টারনেটে গতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গতি ও সেবার মান বাড়ার পাশাপাশি ইন্টারনেট দেশে আরও সুলভ হোক, সেটাও প্রত্যাশিত। ইন্টারনেটের সুবিধা আরও ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে এটা জরুরি।
আমরা মনে করি, ইন্টারনেটের ব্যান্ডউইটথের দাম কমানোর মূল লক্ষ্য হওয়া উচিত, সাধারণ গ্রাহক যাতে কম খরচে এই সেবা পায়, তা নিশ্চিত করা। কম দামে কেনার ক্ষেত্রে কমপক্ষে ১০ জিবিএস কেনার শর্ত জুড়ে দেওয়ার আগে এটা বিবেচনায় নেওয়া উচিত ছিল যে এই চাহিদা ইন্টারনেট সংযোগদাতাদের রয়েছে কি না। গ্রাহক পর্যায়ে দাম কমাতে হলে সংযোগদাতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সামগ্রিকভাবে কোন কোন ধাপে কীভাবে খরচ কমানো যায়, তা চিহ্নিত করা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।