গ্রিন রোড-সংলগ্ন গ্রিন কর্নার একটি শান্ত-সুনিবিড় আবাসিক এলাকা। এলাকাটি দৈর্ঘ্যে খুব লম্বা না হলেও প্রস্থ প্রায় ২০ ফুট। এই রাস্তার উভয় পাশে একতলা-দোতলা ১০০ বাড়ি ছাড়াও ১০টি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইতিমধ্যে গড়ে উঠেছে এবং পাঁচ-ছয়টি নির্মাণাধীন। এ ছাড়া এখানে রয়েছে বড় একটি মসজিদ, একটি গির্জা ও একটি রেনাল হাসপাতাল।গ্রিন কর্নারে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, চিকিৎসক, স্থপতি-প্রকৌশলী, আইনজীবী, অবসরপ্রাপ্ত আমলা ও অনেক নামীদামি ব্যবসায়ী বাস করেন। এখানে ঢাকা সিটি করপোরেশনের করদাতার সংখ্যা হবে প্রায় ১০ হাজার। এই সড়কের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে এক হাজার প্রাইভেট কার ও সমসংখ্যক রিকশা।দু-তিন বছর আগে এই গ্রিন কর্নার সড়কটি আশপাশের ক্রিসেন্ট রোড, কাঁঠালবাগান, আল আমিন রোড, ভূতের গলি ও স্কয়ার রোডগুলোর চেয়ে অনেক উন্নত ছিল। বর্তমানে এই রাস্তার অবস্থা খুবই করুণ—খানাখন্দে ভরা, বর্ষাকালে কাদা পানিতে একাকার। রাস্তার ম্যানহোলগুলো ঢাকনাবিহীন। এ কারণে এগুলো আবর্জনায় ভরে গেছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ পথচারীদের পোহাতে হয় দুর্ভোগ।আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষ শুধু গ্রিন কর্নার সড়কটি বাদ দিয়ে কাঁঠালবাগান রোড, আল আমিন রোড, ক্রিসেন্ট রোড, গ্রিন স্কয়ার রোড ও ভূতের গলি রোড সাম্প্রতিকালে খুব সুন্দরভাবে সংস্কার করেছে। এই সংস্কার কর্মসূচি থেকে কী কারণে গ্রিন কর্নার সড়কটি বাদ পড়ল, তা আমরা বুঝতে অক্ষম। স্থানীয় ওয়ার্ড কমিশনারের বক্তব্যও আমরা জানি না। এলাকার অন্যান্য সড়কের মতো গ্রিন কর্নার সড়কটির প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অসহনীয় ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য ঢাকা সিটি করপোরেশনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।মোহাম্মদ আবু মিসিরগ্রিন কর্নার, ঢাকা।