গ্রিন ক্লাইমেট ফান্ডের তহবিল পাওয়া সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৬টি পোশাক কারখানা পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দিয়েছে, যাকে বলে লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন)। তাজরীনে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দেশের পোশাকশিল্প খাত আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি সংকটে পড়লেও এই সনদের কারণে আমাদের ইতিবাচক ব্র্যান্ডিং হবে বলে আশা পোশাক খাতের উদ্যোক্তাদের। এসব কারখানার উৎপাদিত পোশাকের দাম বেশি হলেও অনেক ইউরোপীয় কারখানা তাদের ক্রয়াদেশ দিচ্ছে। এটা সামগ্রিকভাবেই ইতিবাচক।
জলবায়ু পরিবর্তন বর্তমানে সারা পৃথিবীতেই গুরুতর এক সমস্যা হিসেবে হাজির হয়েছে, যদিও এতে বাংলাদেশের অবদান খুবই নগণ্য। তা সত্ত্বেও পরিবেশবান্ধব কারখানা নির্মাণের এই উদ্যোগ ভালো নজির হিসেবেই বিবেচিত হবে। তবে শুধু পোশাক খাতই নয়, অন্য খাতের উদ্যোক্তাদেরও উচিত পরিবেশবান্ধব কারখানা নির্মাণে এগিয়ে আসা। এতে পরিবেশদূষণ রোধ করার পাশাপাশি দেশের ভাবমূর্তিও বাড়ানো যাবে। প্রাথমিকভাবে এটা ব্যয়বহুল হলে সেই খরচও তুলে আনা সম্ভব।
বাংলাদেশ ব্যাংক গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ঋণ দেওয়ার জন্য পুনঃ অর্থায়ন তহবিল করেছে। যেসব প্রতিষ্ঠান এই গ্রিন ইন্ডাস্ট্রি প্রত্যয়ন পেয়েছে, তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। প্রণোদনা হিসেবে এটা মন্দ নয়। কারণ, সাধারণভাবে উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাদের ১২-১৩ শতাংশ সুদ দিতে হয়।
পরিবেশবান্ধব কারখানা কম কার্বন নিঃসরণ করে। ফলে এ ধরনের আরও প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে সরকার ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) গ্রিন ক্লাইমেট ফান্ডের তহবিলও জোগাড় করতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পুনঃ অর্থায়ন করা যায়। এর মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পুনঃ অর্থায়ন প্রকল্পের পরিসর আরও বাড়ানো সম্ভব। অর্থাৎ পরিবেশবান্ধব কারখানা আমাদের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।