গ্রিসের খামারে গুলির ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে শ্রমিক পাঠানোর কর্তৃত্ব নিয়ে যখন সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো বিবাদে লিপ্ত, তখনই গ্রিসের স্ট্রবেরি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ওপর মালিকপক্ষের গুলির ঘটনা আমাদের উদ্বিগ্ন ও বিচলিত করে। সহকর্মী বিদেশি শ্রমিকদের নিয়ে তাঁরা ওই খামারের তত্ত্বাবধায়কের কাছে ছয় মাসের বকেয়া বেতন চাইতে গেলে খামারের এক কর্মকর্তা গুলি চালান। এতে বাংলাদেশি ৩২ জন শ্রমিক আহত হন। তবে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা আশঙ্কামুক্ত। গ্রিসের আইনেই খামারের মালিক ও একজন তত্ত্বাবধায়ককে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কিন্তু একজন খামারমালিক ছয় মাস ধরে শ্রমিকদের বেতন না দিয়ে কীভাবে থাকতে পারলেন? শ্রমিকদের বেতন না দেওয়া কেবল অনৈতিক নয়, গুরুতর অপরাধও। তাঁরা গ্রিসের নাগরিক নন বলে মালিক যা খুশি করতে পারেন না।আর বিদেশে বাংলাদেশি শ্রমিক হয়রানি ও নির্যাতনের ঘটনা শুধু গ্রিসেই হচ্ছে, তা নয়। অন্যান্য দেশেও চাকরিচ্যুতিসহ তাঁরা নানা সমস্যার শিকার হন। অনেক সময়ই তাঁরা দেশি-বিদেশি দালাল চক্রের খপ্পরে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে বাধ্য হন। এই প্রতারণা রোধে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো একযোগে কাজ না করে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশ গমনে ইচ্ছুক শ্রমিকেরা। অথচ এই প্রবাসীরাই মাথার ঘাম পায়ে ফেলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার স্ফীত করে চলেছেন। তাঁদের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে রিক্রুটিং এজেন্সিগুলো এভাবে সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়াত না। আমরা আশা করব, গ্রিসে আহত শ্রমিকদের চিকিৎসার পাশাপাশি তাঁদের বকেয়া বেতন-ভাতা আদায়ের ব্যাপারে বাংলাদেশ সরকার ও দূতাবাস দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বও সরকারের।