গ্রেনেড হামলা মামলার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেছেন। প্রকাশ্য দিবালোকে বিশাল গণজমায়েতের ওপর উপর্যুপরি গ্রেনেড হামলা চালিয়ে একসঙ্গে ২৪ জন মানুষকে হত্যা করা হয়েছে যে ঘটনায়, সেই গুরুতর অপরাধের প্রাথমিক আইনি প্রতিকার পেতে বাংলাদেশকে দীর্ঘ ১৪ বছর অপেক্ষা করতে হয়েছে—এটা এই মামলার একটি প্রণিধানযোগ্য দিক। তবে এই দীর্ঘ বিলম্ব সত্ত্বেও যে অবশেষে রায় পাওয়া গেল, এ–ও কম স্বস্তির বিষয় নয়। বিচার কখনো সম্পন্ন না হওয়ার চেয়ে দেরিতে হওয়া শ্রেয়।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসমাবেশে সুপরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালানো হয়েছিল দলটির সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতাকে হত্যা করার উদ্দেশ্যে। সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর দলের ২২ জন নেতা–কর্মীর প্রাণ ঝরে গেছে, আহত হয়েছেন কয়েক শ মানুষ। শেখ হাসিনা সে সময় ছিলেন সংসদে বিরোধীদলীয় নেতা, তার ঠিক আগের মেয়াদেই তিনি একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ ২১ আগস্টের গ্রেনেড হামলাটি ছিল একজন সাবেক প্রধানমন্ত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার পরিকল্পিত ও সুসংগঠিত অপচেষ্টা।

সে সময় বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার দেশ পরিচালনা করছিল, তাদের একান্ত দায়িত্ব ছিল এই গুরুতর হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের উদ্যোগ নেওয়া। কিন্তু তারা তা না করে উল্টো বরং আওয়ামী লীগকেই দোষারোপ করেছিল, ন্যায়বিচারের পথ রুদ্ধ করতে তদন্তে কারসাজি করেছিল, এমনকি জজ মিয়া নামের এক ব্যক্তিকে দিয়ে বানোয়াট গল্প সাজিয়ে প্রচার করেছিল। এই মামলার এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক।

আদালতের রায়ে যে ১৯ ব্যক্তির মৃত্যুদণ্ড ও ১৯ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে, তাঁদের মধ্যে তৎকালীন সরকারের একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী, খোদ প্রধানমন্ত্রীর পুত্র, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, ডিজিএফআইয়ের মহাপরিচালক প্রমুখ রয়েছেন। এতে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে ২১ আগস্টের গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের একটি অংশ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের হত্যা করার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের কিছু সংস্থাকে ব্যবহার করেছিল। এটা এই অপরাধের সবচেয়ে ন্যক্কারজনক দিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকারের শাসনকালে একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবনের ওপর এমন বর্বর আক্রমণের ঘটনা আমাদের রাজনীতির ইতিহাসে একটি গুরুতর কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে।

১৯৭৫ সালে সপরিবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা ২১ আগস্টের আগেও অনেকবার হয়েছে। হরকাতুল জিহাদ নামের যে জঙ্গিগোষ্ঠীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আদালতে প্রমাণিত হয়েছে, তারা ছাড়াও একাধিক জঙ্গিগোষ্ঠীর বহু বছর ধরে বিভিন্ন নামে গোপনে তৎপর রয়েছে। এ ধরনের নিকৃষ্ট অপরাধীদের কঠোর হাতে দমন করার পরিবর্তে মদদ দেওয়া এবং রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূল করার উদ্দেশ্যে ব্যবহার করার মধ্য দিয়ে যে খারাপ দৃষ্টান্ত স্থাপিত হলো, ভবিষ্যতে আর কখনো কোনো পক্ষের দ্বারা যেন তার পুনরাবৃত্তি না ঘটে।

আদালতের রায়ে সংক্ষুব্ধ ও বিবাদী উভয় পক্ষের কেউ কেউ সন্তুষ্ট না–ও হতে পারেন। সে ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল ও পরবর্তী ধাপের বিচারের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী ধাপ পেরিয়ে চূড়ান্ত বিচার ও দণ্ডিতদের শাস্তি কার্যকর করার প্রক্রিয়া দ্রুততর হওয়া উচিত বলে আমরা মনে করি। কেননা ইতিমধ্যে অনেক বিলম্ব হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলার চূড়ান্ত বিচার দ্রুত সম্পন্ন হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সবার মধ্যে এই উপলব্ধি জাগুক যে রাজনীতিকে প্রতিহিংসা ও সহিংসতা থেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। সবাইকে গণতন্ত্র ও আইনের শাসনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এর কোনো বিকল্প নেই।