বাংলাদেশ সুপ্রিম কোর্ট গ্রেপ্তার ও রিমান্ড–বিষয়ক একটি রায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্দিষ্ট করে হাকিম ও বিচারকদের জন্য স্বতন্ত্র নয় দফার নীতিমালা করে দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অধস্তন আদালতের বিচারকদের জন্য আলাদা করে নীতিমালা করে দেওয়ার সিদ্ধান্তে প্রজ্ঞা, বিচক্ষণতা ও আন্তরিকতার ছাপ খুবই সুস্পষ্ট। এই নীতিমালা কার্যকর করার জন্য নির্বাহী বিভাগের মুখাপেক্ষী হওয়ার দরকার পড়বে না।
এই একটি নীতিমালা যদি ভালোভাবে কার্যকর করা যায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির সদস্যদের ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থান্বেষী মহল দ্বারা তাদের ব্যবহার করার যে প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, সেখানে একটি বড় ও ইতিবাচক পরিবর্তন আসার ক্ষেত্র তৈরি হতে পারে। বিনা পরোয়ানায় কিংবা সাদাপোশাকে আকস্মিকভাবে নিরীহ বা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনকভাবে চলমান রয়েছে। শুধু গ্রেপ্তারই নয়, গ্রেপ্তার করে বিলম্বে আদালতে হাজির করা, জামিনের বিরোধিতা করা এবং রিমান্ডে নিয়ে অমানবিকভাবে জিজ্ঞাসাবাদ করার ধারণা যেন আমাদের সমাজে একটি স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচিত হতে শুরু করেছে। এটা বাস্তবে কতটা কী ঘটছে, সেটা প্রশ্নসাপেক্ষ। কিন্তু জনমনে এই ধারণা ব্যাপক। সুতরাং, সিআরপিসির ৫৪ (গ্রেপ্তার) ও ১৬৭ (জিজ্ঞাসাবাদ) ধারার অপপ্রয়োগ এই নীতিমালা তাই জনমনে নতুন আশা সৃষ্টি করেছে।
গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে ১৯৯৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ডি কে বসু মামলায় দেওয়া গাইডলাইনের আলোকে ২০০৩ সালে আমাদের হাইকোর্ট বিভাগ ব্লাস্টের মামলায় নীতিমালা দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের অনাগ্রহ ও ঔদাসীন্যের কারণে তা অবাস্তবায়িত থেকেছে। আমাদের আপিল বিভাগ তঁার রায়ে বলেছেন, পুলিশি হেফাজতে মৃত্যুর বিষয়ে টেলিগ্রাফ–এ প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ভারতের প্রধান বিচারপতিকে লেখা একটি চিঠিকে রিটে রূপ দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস (১৬ ডিসেম্বর, ২০০৮) লিখেছে, ওই গাইডলাইনের ব্যত্যয় ঘটানোর কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শাস্তি পেয়ে থাকেন।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় সংবিধানে ১০৯ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরিবর্তে ভেবেচিন্তে হাইকোর্ট বিভাগকে অধস্তন আদালতের ওপর ‘নিয়ন্ত্রণ ও তদারকি’র দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। নির্বাহী বিভাগ ও আইন বিভাগ ওই গাইডলাইনের আলোকে সংশ্লিষ্ট আইন সংশোধন করতে পারে। তবে এখন থেকেই বিচারকেরা যদি হাইকোর্ট বিভাগের ফুলকোর্টের কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকির মধ্যে নতুন গাইডলাইন অনুসরণ করেন, তাহলে বিদ্যমান পরিস্থিতির উন্নতি ঘটবে বলেই আশা করা চলে।