৫৪ ধারার অপব্যবহার করে গ্রেপ্তার-বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পরিস্থিতির ডাকে সাড়া দিয়েছেন। একই সঙ্গে এই নির্দেশের মাধ্যমে পুলিশি অনাচারের ব্যাপ্তিকেও স্বীকার করে নেওয়া হলো। তবে দেশের সব থানাকেই এই নির্দেশের আওতায় আনা জরুরি।
‘অজ্ঞাত আসামি’ ও ৫৪ ধারার কাছে অসহায় সাধারণ মানুষসমস্যার প্রকোপ ঢাকার বাইরেই বেশি। এরই সর্বসাম্প্রতিক উদাহরণ, যশোরের শার্শায় ৫৪ ধারায় আটক হওয়া দুই ব্যক্তির একজন লাশ হন এবং গুলিবিদ্ধ অপরজনের পা কেটে ফেলতে হয়। গত শনি-রবিবার মাগুরায়ও সন্দেহবশত বিএনপির নেতাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে পুলিশ!
ডিএমপি অধ্যাদেশ ও ৫৪ ধারার অধীনে আটককৃতদের স্থানসংকুলান হচ্ছে না কারাগারে। হরতাল-অবরোধ-নাশকতা দমনের উদ্দেশ্যে এমন গ্রেপ্তারের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। গত ১৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ধরে এনে টাকা আদায়, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সারা দেশ থেকে অজস্র অভিযোগ গণমাধ্যমে আসতে থাকে। কয়েকটি ঘটনায় পুলিশের অসাধু ভূমিকার প্রমাণও মেলে। এরই পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার ২২ ফেব্রুয়ারি ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের ডিসি থেকে শুরু করে ওসি পর্যন্ত নির্দেশনা পাঠান যে নিরীহ লোকদের গ্রেপ্তার ও গ্রেপ্তার-বাণিজ্য করা যাবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের কাছে ভাবমূর্তি তৈরির স্বার্থে অনেক রকম নির্দেশনা দিয়ে থাকে। বাস্তবে এসব নির্দেশ কাগুজে বাঘের দশা পায়। যেখানে রাজনৈতিক প্রশ্রয় ও অর্থ আদায়ের সুযোগ দুটোই সুলভ, সেখানে শুধু কথায় চিড়ে ভিজবে না। দোষী হিসেবে চিহ্নিত কয়েকজনের বিচার করাই এ ক্ষেত্রে পুলিশকে সংযত রাখার উপায়।
সাম্প্রতিক সময়ে গ্রাম-মফস্বলে শত শত মানুষ গ্রেপ্তার হওয়ার নজির রয়েছে। গ্রেপ্তার হলেই ছাড়ানোর জন্য টাকার লেনদেন এতই বেড়ে গেছে যে ভুক্তভোগীরা পুলিশকে খুশি করে বাঁচতে চান। এতে করে আইন-আদালতের ওপর আস্থাও টলে যায়। পুলিশকে জনবান্ধব করা এবং আইনের শাসনের স্বার্থেই গ্রেপ্তার-বাণিজ্য কঠোর হাতে বন্ধ করা উচিত।