গ্রেপ্তার-মামলা বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচনী প্রচারে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে। তারপর আটটি জেলায় নতুন করে ১১টি মামলা দায়ের এবং বিরোধী দলের দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবর আমাদের উদ্বিগ্ন করে। কিন্তু আগের দিন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ওপর যে সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করা হলো, সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার হয়নি। এতে প্রমাণিত হয়, ৩০ ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে পুলিশ বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পাইকারি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এমনও হয়েছে যে কোনো ঘটনায় ধানের শীষের নেতা-কর্মীরা আহত হলেন, আবার গ্রেপ্তার-হয়রানিও করা হলো তঁাদের নেতা-কর্মীদের।

ভোট গ্রহণের আর দুই দিন মাত্র বাকি। আজ সকাল আটটায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হবে। এরপর পুরোদমে ভোট গ্রহণের প্রস্তুতি নেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, দল ও নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগমুহূর্তে কোনো রকম বিশৃঙ্খলা, উত্তেজনা কাম্য নয়। এই সময় হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে মামলা-গ্রেপ্তারও বন্ধ করতে হবে। এ কথা বলার অর্থ এই নয় যে এই সময়ে কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, অবশ্যই নেবে। কিন্তু যেখানে ঘটনা ঘটেনি বা অনেক আগের কোনো ঘটনায় অজ্ঞাতনামা আসামির জায়গায় নাম বসিয়ে এই মুহূর্তে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা কাম্য হতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত, তাদের আইনের অধীনে থেকেই কাজ করতে হবে।

বিরোধী দলের পক্ষ থেকে দুই ধরনের অভিযোগ পাওয়া গেছে। প্রথমত, সরকারি দলের লোকজন তাঁদের প্রচারকাজে বাধা দিচ্ছেন। দ্বিতীয়ত, সেই বাধা উপেক্ষা করে যখন তঁারা মাঠে নামেন, পুলিশ মামলা দিচ্ছে। কখনো কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রচারে না নামার জন্য শাসিয়ে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি–উৎসাহী সদস্যরা। এ অবস্থায় বিরোধী দলের প্রার্থীদের পক্ষে ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিত করা অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্টদের তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশনের পক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব তাঁদের নিরাপত্তা দেওয়া, যাতে তাঁরা কোনোভাবেই নির্যাতন-হয়রানির শিকার না হন।

সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আমীর–উল ইসলাম জানিয়েছেন, ২০০১ সালের নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা পাইকারি মামলার বিষয়ে উচ্চ আদালতে রিট করা হলে আদালত এই মর্মে রুল জারি করেছিলেন যে, ‘মামলার চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।’ ২০০১ সালের নির্বাচনের আগে ও পরে রাষ্ট্রযন্ত্র যে বৈরিতা ও নিষ্ঠুরতা দেখিয়েছিল, তার পুনরাবৃত্তি কোনোভাবেই চলতে দেওয়া যায় না। সেটি আইনের শাসনের পরিপন্থী।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রও বাংলাদেশের নির্বাচনী সহিংসতা ও বিরোধীদের গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য সব পক্ষকে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

আমরা আশা করব, আইনের রক্ষক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মেনে চলবে। তারা সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবংআইনের সমান আশ্রয়লাভের অধিকারী’ কথাটি অগ্রাহ্য করতে পারে না। সব দল অংশ নেওয়ায় নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে সন্দেহ নেই। এখন এই নির্বাচনকে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।