গড় আয়ু বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা একটা আনন্দের সংবাদ যে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বসাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে গড় আয়ু বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
এ দেশে একজন মানুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৯ বছর বা ৭০ বছর ১০ মাস ২৪ দিন।
দারিদ্র্য, ক্ষুধা, অপুষ্টি হ্রাসের পাশাপাশি সার্বিক স্বাস্থ্যমান ও চিকিৎসাসেবা উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বাড়ছে। হৃদ্রোগ, ডায়াবেটিস, ক্যানসার ইত্যাদি প্রাণঘাতী রোগের চিকিৎসাক্ষেত্রে অগ্রগতিও এই ক্ষেত্রে ভূমিকা রাখছে। পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি হওয়াও নারীর পুষ্টি ও স্বাস্থ্যসেবা-ব্যবস্থার অগ্রগতি নির্দেশ করে। আর পুরুষের ধূমপানসহ জীবনাভ্যাসের কতকগুলো ক্ষতিকর দিক বিবেচনায় নিলে বলা যেতে পারে, তাদের গড় আয়ু আরও বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
আয়ু বৃদ্ধির এই প্রীতিকর বিষয়টির সঙ্গে কিছু ভাবনার বিষয়ও আছে। অত্যধিক জনঘনত্বপূর্ণ এই দেশ এখনো মধ্যম আয়ের দেশ হয়ে ওঠার জন্য সংগ্রাম করছে। কর্মসংস্থানের অভাব অত্যন্ত প্রকট, শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে বছরে বছরে। এই অবস্থায় মানুষের গড় আয়ু ক্রমান্বয়ে বাড়ার ফলে একপর্যায়ে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে। সেই পরিস্থিতি আমরা কীভাবে সামাল দেব, তা নিয়ে এখনই ভাবতে হবে। বয়স্ক জনগোষ্ঠী যাতে জাতীয় অর্থনীতির জন্য বোঝাস্বরূপ না হয়, সে জন্য এখনই সুদূরপ্রসারী নীতি-পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করতে হবে।
চাকরি থেকে অবসর গ্রহণের পরও বয়স্ক, দক্ষ ও অভিজ্ঞ জনগোষ্ঠীর উৎপাদনক্ষমতা থেকে যায়। এই শ্রমসম্পদের সদ্ব্যবহারের জন্য অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানোর কথা ভাবা যেতে পারে। আবার, তার ফলে তরুণ জনগোষ্ঠীর চাকরিতে প্রবেশের
সুযোগ যাতে সংকুচিত হয়ে না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। বিনিয়োগ বৃদ্ধি, নতুন নতুন উৎপাদন খাত সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, প্রযুক্তি, জনশক্তি রপ্তানি, সেবা খাতের বিপুল বিকাশ ইত্যাদি নানা পন্থায় জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।