গয়রহ অভিযোগপত্র নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় মোর্চার ডাকা লাগাতার অবরোধকালে সংঘটিত পেট্রলবোমা হামলার মতো নাশকতার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ডে পেশাদারত্বের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি ক্রিয়াশীল হলে সেটি উদ্বেগের বিষয়।
পেট্রলবোমা ও অন্যান্য নাশকতায় প্রায় দেড় শ ব্যক্তির করুণ মৃত্যুর সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করা হোক। কিন্তু সেই বিচার–প্রক্রিয়া বিশ্বাসযোগ্য করতে না পারলে পুরো উদ্যোগটিও ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকে। যেসব দুর্বৃত্ত প্রকাশ্যে পেট্রলবোমা ছুড়ে মানুষ মেরেছে, ট্রেন–বাস–ট্রাকে আগুন দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের পাকড়াও না করে পুলিশ অদৃশ্য আসামিদের ধরতে উদ্গ্রীব বলে প্রতীয়মান হচ্ছে।
জনগণ পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার রাষ্ট্রীয় বাহিনী হিসেবেই দেখতে চায়, যারা সব রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু পক্ষকালের ব্যবধানে যাত্রাবাড়ী থানার এক মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩৮ ও পল্টন থানার এক মামলায় মির্জা আব্বাসসহ ৩৭ এবং সর্বশেষ একই থানার আরেক নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়াকে মানুষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছে। রাজনৈতিক সহিংসতাকে পুঁজি করে গয়রহ অভিযোগপত্র দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। বিএনপি সরকারও ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জজ মিয়া কাহিনি ফেঁদেছিল। সে সময়ে আওয়ামী লীগ কঠোর ভাষায় এর নিন্দা ও সমালোচনা করলেও এখন ক্ষমতাসীন অবস্থায় পূর্বসূরিদের কৌশল পরিহার করেনি বলেই অনুমিত হচ্ছে।
এ ধরনের মামলা ও অভিযোগপত্রের সংখ্যা বাড়লেও বিচার-প্রক্রিয়ায় অগ্রগতি নেই। পাইকারিভাবে অভিযোগপত্র প্রদানের দুর্বলতা হলো, এতে প্রকৃত অপরাধীরা পার পেতে পারে; এমনকি তারা বিরোধী দলের কর্মী হলেও।
আমরা সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নির্বিচারে আসামি করা বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি কিংবা কালবিলম্ব না করে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সব সহিংসতার বিচার শেষ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।