গয়রহ গ্রেপ্তার নয়, তথ্য-প্রমাণ বিবেচনায় নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি আটক হয়েছে। পুলিশের দাবি, এই অভিযানে জেএমবি ও ও কয়েকটি জঙ্গি সংগঠনের ৩৭ জন গ্রেপ্তার হয়েছে। সত্যি সত্যি সরকার যদি জঙ্গিদের পাকড়াও করে থাকে সেটি জনমনে যেমন স্বস্তি দেবে, তেমনি জঙ্গিরাও কঠোর বার্তা পেয়ে যাবে। কিন্তু যে খবরটি আমাদের সবিশেষ উদ্বিগ্ন করে, তা হলো অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে সন্দেহভাজন জঙ্গিদের হাতে পাবনার একটি আশ্রমে একজন সেবায়েত নিহত হওয়া।
একই কায়দায় একের পর এক নিরীহ মানুষ খুন হওয়ায় জনমনে গভীর এক নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে পুলিশের বিশেষ অভিযানের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। কিন্তু সপ্তাহব্যাপী অভিযানের শুরুর দিনেই এত গ্রেপ্তারের ঘটনা অস্বাভাবিক। অভিযানের নামে গয়রহ গ্রেপ্তার কোনো সুফল দেয় না, বরং আমরা অতীতে দেখেছি এর মাধ্যমে একধরনের উৎকোচ-বাণিজ্যের পথ উন্মুক্ত হয়। ফলে এ বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি।
অভিযানকে সফল করতে হলে নির্দিষ্ট তথ্য–প্রমাণের ভিত্তিতেই কাউকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করতে হবে। সরকার যদি জঙ্গি ও সন্ত্রাসীদের পাকড়াও করতে পারে, দেশবাসী স্বাগত জানাবে। এ জন্য প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দক্ষতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতে অনেক দুর্ধর্ষ জঙ্গিকে গ্রেপ্তার করার কৃতিত্ব দেখিয়েছে। ফলে সরকার যদি আন্তরিক ও বাস্তবসম্মত রাজনৈতিক অবস্থান নেয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়াও কঠিন হওয়ার কথা নয়।
আমরা দেখছি, পুলিশের গ্রেপ্তার অভিযান শুরুর পাশাপাশি ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে চলেছে। এটা বড় উদ্বেগের বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আসামিকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা, কেউ ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ শিকার হয়ে প্রাণ হারাক, তা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অপরাধ দমনে কোনোভাবেই সহায়তা করে না, বরং আইন ও বিচারের প্রতি অনাস্থার পরিস্থিতি তৈরি করে।