ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ঘনবসতিপূর্ণ এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ফেলার বিশাল এক ভাগাড়ের কারণে সেখানকার বাসিন্দাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা সত্যিই দুঃখজনক।
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ভাগাড়টির অবস্থান নগরের ৩ নম্বর কাউনিয়া ওয়ার্ডে। এই ওয়ার্ডে অন্তত সাড়ে চার হাজার পরিবার বসবাস করে। এখানে রয়েছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজসহ অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১০-১২টি মসজিদ। ভাগাড়ের ৪০ গজ দূরেই রয়েছে কাউনিয়া হাউজিং প্রকল্প। সেখানে অন্তত ৫০০ পরিবারের বাস। কিন্তু ময়লার দুর্গন্ধ, মশা-মাছি আর দিন-রাত বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। ধোঁয়ার কারণে অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। ধোঁয়া, দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবের কারণে স্কুলগুলোতে ক্লাস ঠিকমতো নিতে পারেন না শিক্ষকেরা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। অনেকে জমি বিক্রি করতে চান। কিন্তু জমির ক্রেতা পাচ্ছেন না। ভাগাড়ের কারণে জমির দামও পড়ে গেছে।
একটি জনবসতিপূর্ণ এলাকায় কোনোভাবেই এ রকম ভাগাড় থাকা উচিত নয়। কিন্তু ১৭-১৮ বছর ধরে সিটি করপোরেশন সব ময়লা-আবর্জনা এনে ফেলছে এই এলাকায়। এতে করে যে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে, তা নিয়ে মাথাব্যথা নেই সিটি করপোরেশনের। এলাকাবাসী এই স্থান থেকে ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে বহুবার আন্দোলন ও মানববন্ধন করেছেন। জনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য না ফেলতে একাধিকবার করপোরেশনকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ২০১৪ সালে আধুনিক প্রযুক্তিতে বর্জ্য প্রক্রিয়াজাতকরণের ছাড়পত্র নিলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। এটা কোনোভাবেই কাম্য নয়।
সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব হচ্ছে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন করা এবং নগরকে বাসযোগ্য রাখা। কিন্তু বরিশাল সিটি করপোরেশন উল্টো জনস্বাস্থ্যের হানি ঘটাচ্ছে। এখন সিটি করপোরেশনকে অবিলম্বে ৩ নম্বর কাউনিয়া ওয়ার্ড থেকে এই ভাগাড় সরিয়ে ফেলার উদ্যোগ নিতে হবে। শহরের বাইরে জনবসতি নেই—এ রকম স্থানকে ভাগাড়ের জন্য নির্বাচন করা উচিত। এ ব্যাপারে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।