ঘরে এল নারী অনূর্ধ্ব-১৪ শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা কথা রেখেছে। সমতল ও ছোট পাহাড়ের কোলে বেড়ে ওঠা কিশোরীরা ফুটবলে জয় করেছে হিমালয়ের দেশ নেপালকে। কথা রেখেছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গারো পাহাড়ের পাদদেশের প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের মার্জিয়া। তার গোলেই ১-০ ব্যবধানে জয়ী হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশকে বিজয়ী করায় বাংলাদেশ দলকে অভিনন্দন।
এই বিজয়ে যে আনন্দের অশ্রু মিশে আছে, তাতে চিকচিক করছে অসাধারণ এক উত্থানের গল্প। বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের মোট ১৮ জন খেলোয়াড়ের ১০ জনই ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার দরিদ্র কিশোরী। এক শিক্ষকের উৎসাহে গঠিত ফুটবল দলের সাধনার পেছনে ছিল দারিদ্র্য, কুসংস্কার আর ভীরুতার বিরুদ্ধে অদম্য এক সংগ্রামের কাহিনি। শুধু কলসিন্দুরই নয়, টাঙ্গাইল, রাজশাহী, সাতক্ষীরা, রাঙামাটি ও রংপুরের মেয়েদের উঠে আসাও এক সোনালি সাফল্যের গল্প। বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরী মেয়েদের নিয়ে গঠিত এই দল সত্যিকার জাতীয় দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং বয়ে এনেছে অনূর্ধ্ব-১৪ পর্যায়ে মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলে সেরা ফুটবল পদক।
‘হিমালয়’ জয় করেই ফিরল মেয়েরাকলসিন্দুরের এক শিক্ষক ও তাঁর শিষ্যদের সাধনার খবরটি প্রথম প্রকাশ করে প্রথম আলো—গত ২২ আগস্ট, শনিবারের বিশেষ প্রতিবেদনে। প্রথম আলো এই মেয়েদের নিয়ে অদম্য মেয়েরা নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ এবং তা ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রদর্শন করা হয়। নানা মহলে তা দৃষ্টি আকর্ষণ করে।
ক্রিকেটের পর ফুটবলেও বাংলাদেশের সুদিনের আলো দেখা যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে সাফল্য যে নির্মল আনন্দ ও প্রেরণা সৃষ্টি করে, তার অংশীদার সব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের তরুণ-তরুণীরা অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়ার ক্ষেত্রেও যে প্রাণশক্তি ও চ্যালেঞ্জ গ্রহণের পরিচয় দিচ্ছে, তা জাতি হিসেবে আমাদের আত্মবিশ্বাসী করে তোলে বৈকি। এই বিজয় যেমন তারুণ্যের, তেমনি তারুণ্যের উজ্জ্বল অংশ কিশোরী-তরুণীদেরও। আমরা আশা করব, এ সাফল্য থেকে সবাই সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করায় আরও প্রতিজ্ঞাবদ্ধ হবেন।